কাজির জেল মেয়ের মায়ের জরিমানা
বাল্য বিবাহ পড়ানোর অপরাধে ঘাটাইলে কাজির এক (নিকাহ নিবন্ধনকারী), সহকারী ও পাত্রীর মাকে কারাদণ্ড এবং জরিমানা করা হয়েছে। ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহামঞ্চদ কামাল হোসেন গতকাল রোববার তাঁদের এ দণ্ড দেন। এলাকার লোকজন জানান, উপজেলার এক প্রবাসীর চতুর্থ শ্রেণীতে পড়ুয়া মেয়ের (১০) সঙ্গে খাগরাটা গ্রামের হায়দার আলীর ছেলে আলতাব আলীর (২৫) গত শনিবার বিয়ের কাবিন হয়। গতকাল রোববার দুপুরে আনুষ্ঠানিকভাবে মেয়ে তুলে দেওয়ার কথা ছিল। স্থানীয় ইউপি চেয়ারম্যান মেয়ের মাকে বিয়ে না দিতে অনুরোধ করলেও তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেননি। পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহামঞ্চদ কামাল হোসেন গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে মেয়ের বাড়িতে উপস্থিত হন। নাবালক মেয়েকে বিয়ে দেওয়ায় মেয়ের মা ও কাজির সহকারী আবদুল করিমকে এক হাজার টাকা করে জরিমানা এবং কাজি আবদুল জলিল তরফদারকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। এ সময় বরপক্ষের কাউকে পাওয়া যায়নি। ইউএনও কামাল হোসেন বলেন, মেয়ে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত তাকে স্বামীর বাড়িতে না পাঠাতে বলা হয়েছে।