কাজিরহাট-পাটুরিয়া পথে ফেরি চালু
উত্তরবঙ্গের ট্রাকমালিক, চালক ও বেড়া উপজেলাবাসীর অব্যাহত দাবির মুখে দীর্ঘ পাঁচ বছর পর স্বল্প পরিসরে চালু হলো পাবনার কাজিরহাট থেকে পাটুরিয়া ফেরিসেবা। গতকাল শুক্রবার দুপুরে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার।এদিকে, বারবার বন্ধের পর স্বল্প পরিসরে মাত্র দুটি কে-টাইপ ফেরি দিয়ে ঘাট চালু করায় আবারও তা বন্ধের আশঙ্কা করছেন এলাকাবাসী ও উত্তরবঙ্গের ট্রাকমালিকেরা। খোদ পরিকল্পনামন্ত্রীও একই আশঙ্কা প্রকাশ করে অবিলম্বে দুটি রো রো ফেরি দেওয়ার দাবি জানিয়েছেন।উদ্বোধনী বক্তব্যে মন্ত্রী এ কে খন্দকার বলেন, কে-টাইপ দুটি ফেরি দিয়ে ঘাট চলবে না। অতীতে এই ঘাটে যে পরিমাণ যানবাহন পারাপারের রেকর্ড রয়েছে, তাতে কমপক্ষে দুটি রো রো ফেরি দিতে হবে। দুপুর ১২টায় মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট থেকে তিনজন মন্ত্রী একটি কে-টাইপ ফেরি নিয়ে পাবনার কাজিরহাটে আসেন। পরে কাজিরহাট ফেরিঘাট ট্রাক টার্মিনালে উদ্বোধনী জনসভায় আরও বক্তব্য দেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক।