কাজী আরেফ হত্যায় দণ্ডপ্রাপ্ত দুজনের আবেদন খারিজ
জাসদের নেতা কাজী আরেফ হত্যা মামলার রায় পুনর্বিবেচনা করার বিষয়টি আমলে না নিয়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া দুই আসামির আবেদন খারিজ করেছেন আদালত। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।
এই দুই আসামি হলেন রাশেদুল ইসলাম ওরফে ঝন্টু ও আনোয়ার হোসেন ওরফে আনোয়ার।
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির বলেন, ‘রিভিউ আবেদন খারিজ করার মধ্য দিয়ে এক আসামি ছাড়া অন্যদের ক্ষেত্রে মামলাটির পরিসমাপ্তি ঘটল। আইনের বিধান অনুসারে তাঁরা এখন রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে পারেন। এরপর এ ব্যাপারে কোনো পদক্ষেপ না নিলে তাঁদের মৃত্যুদণ্ড কার্যকরে বাধা নেই।’
১৯৯৯ সালের ১৬ ফেব্রুয়ারি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কালিদাসপুরে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সন্ত্রাসবিরোধী জনসভায় হামলায় প্রেসিডিয়াম সদস্য কাজী আরেফসহ পাঁচজন নিহত হন। ১৬ ফেব্রুয়ারি পুলিশ বাদী হয়ে মামলা করে। এ মামলায় বিচারিক আদালত ২০০৪ সালের ৩০ আগস্ট রায় দেন। রায়ে ১০ জনকে মৃত্যুদণ্ড, ১২ জনের যাবজ্জীবন ও তিনজনকে খালাস দেওয়া হয়। নিম্ন আদালতে বিচার চলাকালে অপর এক আসামি উচ্চ আদালতে অভিযোগ বাতিল চেয়ে আবেদন করেন। এটি এখনো নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। অর্থাৎ, ওই আসামির বিষয়ে নিম্ন আদালত কোনো আদেশ দেননি।
নিম্ন আদালতের রায়ের পর আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদন (ডেথ রেফারেন্স) শুনানির জন্য হাইকোর্টে আসে। রায়ের বিরুদ্ধে দণ্ডপ্রাপ্তরা আপিল করেন। ২০০৮ সালের ৫ আগস্ট হাইকোর্ট মৃত্যুদণ্ড পাওয়া ১০ জনের মধ্যে নয়জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন এবং একজনকে খালাস দেন। যাবজ্জীবন পাওয়া ১২ জনকে খালাস দেওয়া হয়। এই হিসাবে হাইকোর্টে ১৩ জন খালাস পান।
খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ তিনটি লিভ টু আপিল করে। আর নয়জনের মধ্যে কারাগারে থাকা মৃত্যুদণ্ড পাওয়া তিন আসামি তিনটি লিভ টু আপিল করেন। মৃত্যুদণ্ড পাওয়া অন্য তিন আসামি পলাতক। রাশেদুল ও আনোয়ারের সঙ্গে ইলিয়াস ওরফে এলাচও লিভ টু আপিল করেন। এসব লিভ টু আপিলের ওপর শুনানি শেষে ২০১১ সালের ৭ আগস্ট আপিল বিভাগ সব লিভ টু আপিল খারিজ করেন।
আপিল বিভাগের রায়ের পর দুই আসামি রাশেদুল ও আনোয়ার ২০১২ সালে রায় পুনর্বিবেচনার আবেদন করেন। তবে ইলিয়াস রায় পুনর্বিবেচনার আবেদন করেননি। এই পুনর্বিবেচনার আবেদন শুনানি শেষে আজ আদালত খারিজ করে দেন।
আসামিপক্ষে ছিলেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মোমতাজ উদ্দিন ফকির। সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল এ আর এম হাসানুজ্জামান।