জাসদের নেতা কাজী আরেফ আহমেদ হত্যাকাণ্ডের পরিকল্পনা দলীয় নেতা হাসানুল হক ইনুর ঢাকার বাসায় করা হয় বলে মৃত্যুদণ্ড পাওয়া আসামির পরিবার থেকে অভিযোগ করা হয়েছে। কাজী আরেফসহ জাসদের পাঁচ নেতা হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামি চরমপন্থী সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (লাল্টু গ্রুপ) আঞ্চলিক নেতা রাশিদুল ইসলাম ঝন্টুর পরিবার গতকাল রোববার সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করে। এতে বলা হয়, হত্যাকাণ্ডের পরিকল্পনা বাস্তবায়নে চরমপন্থী নেতা নুরুজ্জামান লাল্টু ও তাঁর অনুসারীদের দায়িত্ব দেওয়া হয়। তাদের হাতে তুলে দেওয়া হয় আগ্নেয়াস্ত্র ও নগদ টাকা। অভিযোগ অস্বীকার করে হাসানুল হক ইনু প্রথম আলোকে বলেন, ‘সংবাদ সম্মেলনের বক্তব্য কল্পনাপ্রসূত। সংবাদ সম্মেলনটিও রহস্যজনক। মামলার দীর্ঘ তদন্তের প্রক্রিয়ায় কোথাও এ ধরনের কথা শোনা যায়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত উদ্যোগের কারণে দ্রুততম সময়ে এ বিচার করা গেছে। এ খুনিচক্র শুধু কাজী আরেফকেই হত্যা করেনি, তারা জাসদের অনেক নেতা-কর্মীকে হত্যা করেছে।’ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামে গতকাল দুপুরে রাশিদুল ইসলামের বোনের বাড়িতে এ সংবাদ সম্মেলন করা হয়। এতে লিখিত বক্তব্য পড়েন রাশিদুলের বড় ভাই মোহাম্মদ শহিদুল ইসলাম মন্টু। এ সময় তাঁদের বোন নারগিস আক্তার উপস্থিত ছিলেন। ১৯৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কালিদাসপুর হাইস্কুল মাঠে জাসদের এক জনসভায় বোমা হামলা চালানো হয়। এতে কাজী আরেফ, জাসদের কেন্দ্রীয় নেতা ইয়াকুব আলী, কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি লোকমান হোসেন, স্থানীয় জাসদ নেতা শমসের আলীসহ মোট পাঁচজন নিহত হন।