কাজী আরেফ হত্যার সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় নেতা কাজী আরেফ আহমেদ হত্যা মামলায় দণ্ডাদেশ পাওয়া দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তালবাড়িয়া গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।এঁরা হলেন তালবাড়িয়া গ্রামের ছহির উদ্দিন (৪৮) ও রাফাত সর্দার (৪৯)।দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান জানান, তালবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে ছহির ও রাফাতকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা জাসদের সভাপতি কাজী আরেফ আহমেদসহ দলের পাঁচ নেতাকে হত্যার দায়ে যাবজ্জীবন দণ্ডাদেশ পাওয়া আসামি। শনিবার বিকেলে আদালতের মাধ্যমে তাঁদের জেলে পাঠানো হয়।১৯৯৯ সালের ১৬ ফেব্রুয়ারি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কালিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চরমপন্থীদের ব্রাশফায়ারে কাজী আরেফ আহমেদ, লোকমান হোসেন, ইয়াকুব আলী, ইসরাইল হোসেন ও সমশের মণ্ডল নিহত হন। ২০০৪ সালের ৩০ আগস্ট কুষ্টিয়া জেলা জজ আদালত এ হত্যা মামলায় ১০ জনের ফাঁসি ও ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন। আসামিরা এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করলে ২০০৮ সালের ৩১ আগস্ট আদালত ফাঁসির দণ্ডাদেশ পাওয়া এক আসামির এবং যাবজ্জীবন দণ্ডাদেশ পাওয়া ১০ জনের সাজা মওকুফ করে রায় দেন।পরে সরকারপক্ষ (বাদী) এ রায়ের বিরুদ্ধে আপিল করলে আদালত ২০১১ সালের ৭ আগস্ট হাইকোর্টের দেওয়া রায় বহাল রাখেন। পরে যাবজ্জীবন দণ্ড বহাল থাকা দুই আসামি ছহির উদ্দিন ও রাফাত সর্দারের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।