কাজী আরেফের খুনিদের ফাঁসিতে জাসদের সন্তোষ প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাবেক সভাপতি কাজী আরেফ আহমেদের খুনিদের ফাঁসির রায় কার্যকর হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে দলটি। দেশে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে এই রায় কার্যকরের ঘটনা বড় অর্জন বলেও মনে করে দলটি।

আজ শুক্রবার জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে এসব কথা বলেন।
বিবৃতিতে বলা হয়, ‘দীর্ঘ ১৭ বছর আইনি লড়াই শেষে জাসদের অন্যতম প্রতিষ্ঠাতা কাজী আরেফ আহমেদ এবং তৎকালীন কুষ্টিয়া জেলা জাসদ নেতা লোকমান হোসেন, ইয়াকুব আলী, ইসরাইল হোসেন তরফদার ও সমশের আলী মন্ডলের হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিনজন আসামির ফাঁসি কার্যকর করায় সন্তোষ প্রকাশ করছি।’ তাঁরা বলেন, দেশে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে রায় কার্যকরের ঘটনা বড় অর্জন। তারা অবিলম্বে পলাতক বাকি আসামিদের গ্রেপ্তার করে রায় কার্যকর করার আহ্বান জানান।