
রাজবাড়ী-১ আসনে (রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলা) আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সাংসদ ও শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী। গতকাল রোববার তাঁর দলীয় মনোনয়ন নিশ্চিত হওয়ার পর রাজবাড়ী সদর ও গোয়ালন্দে তাঁর সমর্থকেরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন।
দলীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের প্রার্থী হিসেবে কাজী কেরামত আলী মনোনয়ন পাচ্ছেন বলে তাঁর নেতা-কর্মীরা অনেকটাই নিশ্চিত ছিলেন। তবে মহাজোটের প্রার্থী হিসেবে রাজবাড়ী-১ আসন থেকে জাকের পার্টির প্রার্থীকে মনোনয়ন দেওয়ার কথা শোনা গিয়েছিল। তখন থেকে কেরামত আলীর মনোনয়ন নিয়ে কিছুটা ধোঁয়াশার সৃষ্টি হয়। গতকাল দুপুরের আগেই বিভিন্ন মাধ্যমে তাঁর মনোনয়নপত্র হাতে পাওয়ার খবর ছড়িয়ে পড়ে। বিশেষ করে ফেসবুকে তাঁর হাতে থাকা মনোনয়নপত্রের ছবি অনেকে দেখতে পান।
বিকেলে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে দলীয় নেতা-কর্মীরা আনন্দ মিছিল বের করেন। এতে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদের সদস্য নুরুজ্জামান মিয়া, সাধারণ সম্পাদক ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম মণ্ডল, উপজেলা যুবলীগ সভাপতি ইউনুছ মোল্যা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মণ্ডল প্রমুখ অংশ নেন। এর আগে দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে আনন্দ মিছিল বের করা হয়। এতে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম মণ্ডল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেন মণ্ডলের নেতৃত্বে মিছিলটি বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মণ্ডল বলেন, সব ধোঁয়াশা কাটিয়ে এবং জল্পনার অবসান ঘটিয়ে চারবারের নির্বাচিত সংসদ সদস্য কাজী কেরামত আলীকে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি প্রধানমন্ত্রীর আস্থাভাজন ও প্রিয় বলেই তাঁকে আবারও মনোনয়ন দেওয়া হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মণ্ডল বলেন, রাজবাড়ী-গোয়ালন্দ অঞ্চলের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কাজী কেরামত আলীর বিকল্প নেই। এখন সব ভেদাভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ৩০ ডিসেম্বরের সংসদ নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়ী হবেন।
কাজী কেরামত আলী গতকাল মুঠোফোনে বলেন, গত পাঁচ বছরে এই এলাকায় প্রভূত উন্নয়ন হয়েছে। এরপরও অনেক কাজ বাকি আছে। পুনরায় নির্বাচিত হয়ে সেসব কাজ সমাপ্ত করতে চাই। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।