কাজী জাফর আর নেই

প্রবীণ রাজনীতিক, মুক্তিযুদ্ধের সংগঠক, জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান কাজী জাফর আহমদ (৭৬) গতকাল বৃহস্পতিবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ শুক্রবার সকাল আটটায় টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে মরহুমের প্রথম জানাজা হবে। এরপর ১১টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, বাদ জুমা বায়তুল মোকাররম মসজিদে তৃতীয় জানাজা হবে। দাফনের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।
পারিবারিক সূত্র জানায়, কাজী জাফর দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, কিডনির রোগসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। গতকাল সকালে কোনো সাড়াশব্দ না পেয়ে তাঁকে দ্রুত গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। এরপর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
গতকাল সন্ধ্যায় কাজী জাফরের মরদেহ গুলশানের বাসায় নেওয়া হলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তাঁকে শেষবারের মতো দেখতে যান। এর আগে সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, বিমানমন্ত্রী রাশেদ খান মেনন, বিএনপির নেতা মওদুদ আহমদ, সিপিবির নেতা হায়দার আকবর খান রনো প্রমুখ তাঁকে দেখতে হাসপাতালে যান। তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন শোক জানিয়ে বিবৃতি দিয়েছে। বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট আজ শুক্রবার সারা দেশে মসজিদে ও উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনার কর্মসূচি দিয়েছে।
কাজী জাফরের জন্ম ১৯৩৯ সালের ১ জুলাই কুমিল্লার চিওড়া কাজীবাড়িতে। ষাটের দশকের শুরুতে তিনি পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন। পরবর্তী সময়ে শ্রমিক রাজনীতিতে যুক্ত হন। উনসত্তরের গণ-অভ্যুত্থানে মাওলানা ভাসানীর নেতৃত্বাধীন ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) সদস্য হিসেবে ভূমিকা রাখেন। তিনি জিয়াউর রহমানের আমলে শিক্ষামন্ত্রী ছিলেন। পরে সামরিক শাসক এইচ এম এরশাদ সরকারের প্রধানমন্ত্রী হন। এরশাদের সঙ্গে মতবিরোধের জের ধরে ২০১৩ সালের ২০ ডিসেম্বর আলাদা জাতীয় পার্টি গঠন করেন এবং গত বছরের ২৫ জানুয়ারি বিএনপির নেতৃত্বাধীন জোটে যোগ দেন।