কাজী জাফর ফ্যামিলি মেম্বার, তাই শাস্তি নয়: এরশাদ

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবেন না দলটির চেয়ারম্যান এইচ এম এরশাদ। তিনি বলেছেন, কাজী জাফর তাঁর ‘ফ্যামিলি মেম্বার’। তিনি দীর্ঘ সময় কাজী জাফরের সঙ্গে কাটিয়েছেন।
আজ রোববার বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এরশাদ এসব কথা বলেন। গতকাল শনিবার এরশাদকে বিশ্বাসঘাতক বলে অভিহিত করেন কাজী জাফর। তিনি দলের নেতা-কর্মীদের তত্ত্বাবধায়ক সরকার-ব্যবস্থা প্রবর্তনের দাবিতে রাজপথে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। তিনি অভিযোগ করেন, এরশাদ প্রেসিডিয়ামের সদস্যদের সঙ্গে কোনো রকম আলোচনা ছাড়াই সর্বদলীয় সরকারে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
কাজী জাফরের এই বিবৃতির পরিপ্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে বহিষ্কারাদেশ দেওয়া হতে পারে বলে গতকাল রাত পর্যন্ত ব্যাপক আলোচনা ছিল। আজ রোববার এরশাদ সেই সম্ভাবনা নাকচ করেছেন।
এরশাদ বলেছেন, বিবৃতিটি কাজী জাফরের কি না, সে নিয়ে তাঁর সন্দেহ আছে। যদি বিবৃতিটি তাঁর হয়েও থাকে, তিনি অভিমান করে বলেছেন। কাজী জাফরের সঙ্গে তিনি বহুকাল কাটিয়েছেন। তিনি তাঁর পরিবারের সদস্যের মতো।