কাজী জাফরউল্লাহর হাতেই মনোনয়ন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী কে হবেন, এর চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক সাংসদ কাজী জাফরউল্লাহ। গত শুক্রবার উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তাঁকে এ সিদ্ধান্তের ভার দেওয়া হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী হেদায়েতউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় মেয়রপদে মনোনয়নপ্রত্যাশী চার নেতাই উপস্থিত ছিলেন।মনোনয়নপ্রত্যাশী নেতারা হলেন বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আবু ফয়েজ মো. রেজা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল হক, পৌর আওয়ামী লীগের সহসভাপতি জগদীশ চন্দ্র মালো ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া বিশ্বাস।কাজী জাফরউল্লাহ বলেন, ‘আমাকে একক দায়িত্ব দেওয়া হলেও আমি পৌর ও উপজেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে আলোচনা করে ১৬ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনের আগেই একক প্রার্থী ঘোষণা করব।’এর আগে গত ১ জানুয়ারি ভাঙ্গা তৃণমূল আওয়ামী লীগ সভা করে দল-সমর্থিত প্রার্থী হিসেবে শহীদুল হককে মনোনীত করে। কিন্তু সভার সিদ্ধান্ত উপেক্ষা করে ৬ মার্চ মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে আরও তিনজন মেয়র পদে মনোনয়নপত্র জমা দেন। উদ্ভূত পরিস্থিতির কারণে গত শুক্রবার ওই বর্ধিত সভার আয়োজন করা হয়।শহীদুল হক বলেন, ‘তৃণমূলের নেতারা গত ১ জানুয়ারির সভায় আমাকেই মনোনয়ন দিয়েছিলেন। গতকালও (শুক্রবার) কাজী জাফরউল্লাহ আমাকে বলেছেন, “তোমাকেই দলীয় সমর্থন দেওয়া হবে, কাজ করে যাও”।’জগদীশ চন্দ্র মালো বলেন, ‘সব ক্ষমতা লিডারের (জাফরউল্লাহ) হাতে তুলে দেওয়া হয়েছে। কিন্তু আমরা টাকা-পয়সা খরচ করে নির্বাচনী প্রচার শুরু করেছি। দলীয় মনোনয়ন না পেলে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করব।’আবু ফয়েজ মো. রেজা ও গোলাম কিবরিয়া বিশ্বাস দলীয় সিদ্ধান্তই মেনে নেবেন বলে জানান।