কাজী জাফরুল্লাহ ও মকবুলের সাজার রায় হাইকোর্টে বাতিল
পৃথক মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ ও দলীয় সাবেক সাংসদ মকবুল হোসেনের সাজার রায় গতকাল মঙ্গলবার বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট। জানা যায়, জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় ২০০৮ সালের ৬ মে সংসদ ভবনের বিশেষ আদালত মকবুলকে ১৩ বছরের কারাদণ্ড দেন। এর বিরুদ্ধে তিনি হাইকোর্টে আপিল করেন। আপিলের ওপর শুনানি শেষে গতকাল বিচারপতি এম এ হাই ও বিচারপতি মো. আবদুর রাজ্জাকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আপিল মঞ্জুর করে রায় দেন। আদালতে মকবুলের পক্ষে আইনজীবী আবদুল বাসেত মজুমদার, সাঈদ আহমেদ রাজা ও দুদকের পক্ষে আইনজীবী এম এ আজিজ খান মামলা পরিচালনা করেন। সম্পদের তথ্য গোপনের অভিযোগে করা মামলায় কাজী জাফরুল্লাহর দুই বছর বিনাশ্রম সাজার রায় বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট। বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ জাফরুল্লাহর করা এক রিটের চূড়ান্ত শুনানি শেষে এ রায় দেন। আদালতে তাঁর পক্ষে আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন ও দুদকের পক্ষে এম এ আজিজ খান মামলা পরিচালনা করেন। একই আদালত কাজী জাফরুল্লাহর বিরুদ্ধে করা মানি লন্ডারিং মামলা ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা দুটি মামলা বাতিল (রুল মঞ্জুর) করেন।