কাজী জাফরের নেতৃত্বে নতুন জাতীয় পার্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টি (জাপা) আবার ভেঙেছে। গতকাল শুক্রবার দলের সভাপতিমণ্ডলীর দুই সদস্য কাজী জাফর আহমদকে চেয়ারম্যান ও গোলাম মসিহকে মহাসচিব করে নতুন জাতীয় পার্টি আত্মপ্রকাশ করেছে। আগামী ১৮ ডিসেম্বর জাতীয় সম্মেলন করে দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে ঘোষণা দেওয়া হয়।
এ উপলক্ষে গতকাল বিকেলে গোলাম মসিহর গুলশানের বাসায় জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য, দলীয় সাংসদ, ভাইস চেয়ারম্যান ও নির্বাহী কমিটির সদস্যদের এক যৌথ সভা হয়। ওই সভায় সিদ্ধান্ত হয়, সম্মেলন না হওয়া পর্যন্ত কাজী জাফর চেয়ারম্যান ও গোলাম মসিহ মহাসচিবের দায়িত্ব পালন করবেন।
গোলাম মসিহ প্রথম আলোকে বলেন, জাতীয় পার্টির মাঠপর্যায়ের নেতা-কর্মীদের আবেগ এবং দেশের বাস্তবতার নিরিখে মূলধারার দল গঠন করা হবে।
এর আগে গতকাল সন্ধ্যায় কাজী জাফর আহমদের নেতৃত্বে জাপার ১৫ জন নেতা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তাঁর গুলশানের বাসায় দেখা করেন। এ সময় ব্রিগেডিয়ার (অব.) মাহমুদুল হাসান, সাংসদ নবাব আলী আব্বাস ও এইচ এম গোলাম রেজা, সাবেক সাংসদ গোলাম হাবিব, মুজিবুর রহমান যুক্তিবাদী, আতিকুর রহমান, আনোয়ারা বেগমসহ ১৫ জন নেতা উপস্থিত ছিলেন।
এর আগে গত বৃহস্পতিবার জাপার চেয়ারম্যান এইচ এম এরশাদ ও সভাপতিমণ্ডলীর জ্যেষ্ঠ সদস্য কাজী জাফর আহমদ একে অন্যকে দল থেকে বহিষ্কারের ঘোষণা দেন।