কাজী জাফরের বাসায় এরশাদ ও মির্জা ফখরুল
কাজী জাফর আহমদের জন্মদিনকে ঘিরে তাঁর গুলশানের বাসায় গতকাল সোমবার রাতে একত্র হয়েছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে পরস্পর কুশল বিনিময় ও রাজনৈতিক বিষয়ে কথা বলেন তাঁরা।জাতীয় পার্টি সূত্র জানায়, দলের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর আহমদের ৭৪তম জন্মদিন ছিল গতকাল। এ উপলক্ষে তাঁর বাসায় কেক কাটা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ উপলক্ষে রাত পৌনে আটটায় এরশাদ ও আটটায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানে কাজী জাফরের বাসায় যান। এ সময় তাঁদের সঙ্গে বিএনপির কেন্দ্রীয় নেতা মাহবুবুর রহমান, আবদুল্লাহ আল নোমান, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী, জাপার মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন। এর কিছুক্ষণ পর যান ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। প্রত্যক্ষদর্শীরা জানান, কিছু সময়ের জন্য এরশাদ ও মির্জা ফখরুল ইসলামসহ আরও কয়েকজন নেতা ভেতরের একটি কক্ষে আলাদা কথা বলেন। তবে কী কথা হয়েছে তা জানা সম্ভব হয়নি।জানতে চাইলে জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার প্রথম আলোকে বলেন, পরস্পর কুশল বিনিময় ছাড়া আর কোনো বিষয়ে কথা হয়নি।