
প্রবীণ রাজনীতিক ও জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান কাজী জাফর আহমদের জানাজা গতকাল শুক্রবার চার দফায় টঙ্গী ও রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়েছে। এতে রাজনীতিক, সাংবাদিক, বুদ্ধিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
পারিবারিক সূত্র জানায়, আজ শনিবার বেলা ১১টায় কুমিল্লা টাউন হল মাঠে, বাদ জোহর চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠে এবং বাদ আসর চিওড়া কলেজ মাঠে জানাজা হবে। তাঁর পরিবার বনানী কবরস্থানে মরদেহ দাফনের জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছে। কিন্তু এখনো সাড়া পায়নি। তাই ঢাকায় না চিওড়ায় গ্রামের বাড়িতে তাঁর মরদেহ দাফন হবে—সে বিষয়ে সিদ্ধান্ত নেয়নি পরিবার।
গত বৃহস্পতিবার সকালে কাজী জাফর মারা যান। গতকাল সকাল সোয়া আটটায় টঙ্গীর ইজতেমা মাঠে তাঁর প্রথম জানাজা হয়। এরপর বেলা সোয়া ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দ্বিতীয়, বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদ ও বাদ আসর গুলশানের আজাদ মসজিদে চতুর্থ জানাজা হয়।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের জানাজায় অংশ নেন গণস্বাস্থ্য কেন্দ্রের জাফরুল্লাহ চৌধুরী, সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ, সাবেক মন্ত্রী আবুল হাসান চৌধুরী, গণসংগীতশিল্পী ফকির আলমগীর, বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান, শামসুজ্জামান দুদু, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, ইসলামী ঐক্যজোটের আবদুল লতিফ নেজামী, মুফতি ফয়জুল্লাহ, বিএফইউজের (একাংশ) ভারপ্রাপ্ত সভাপতি এম আবদুল্লাহ, জাতীয় পার্টির (জাফর) নেতা এস এম এম আলম, আহসান হাবিব, জাতীয় পার্টির (এরশাদ) নেতা সাইদুর রহমান, সাইফুদ্দিন আহমেদ, সাংসদ ইয়াহিয়া চৌধুরী প্রমুখ। সংসদ ভবনের দক্ষিণ প্লাজার জানাজায় অংশ নেন সিপিবির ভারপ্রাপ্ত সভাপতি হায়দার আকবর খান রনো, সাবেক মন্ত্রী মাঈদুল ইসলাম, বিএনপি নেতা আ স ম হান্নান শাহ, মনিরুল হক চৌধুরী, এলডিপির রেদোয়ান আহমদ, শাহাদাত হোসেন সেলিম, জাতীয় পার্টির (জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, দলের নেতা টি আই এম ফজলে রাব্বী প্রমুখ।