কাজী জাফরের মান ভাঙানোর চেষ্টা এরশাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনকালীন সরকারে আকস্মিকভাবে জাতীয় পার্টির (জাপা) অংশগ্রহণের কারণে বিগড়ে বসা দলের জ্যেষ্ঠ নেতা কাজী জাফর আহমদের মান ভাঙানোর চেষ্টা করছেন দলীয় প্রধান এইচ এম এরশাদ। ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন কাজী জাফরকে দেখতে গত তিন দিনে এরশাদ তিনবার গেছেন। কিন্তু দুজনের মধ্যে কোনো কথা হয়নি বলে হাসপাতালে সার্বক্ষণিক থাকা কাজী জাফরের আত্মীয় ও ব্যক্তিগত সহকারীরা জানান।
এদিকে দলের অবস্থানের বিরুদ্ধে শনিবার গণমাধ্যমে কাজী জাফর আহমদের দেওয়া বিবৃতি নিয়ে জাপার ভেতরে মিশ্র প্রতিক্রিয়া হয়েছে। দলে আওয়ামী লীগপন্থী বলে পরিচিত অংশটি কাজী জাফরকে দল থেকে বহিষ্কার করতে এরশাদকে নানাভাবে চাপ দিচ্ছেন।
দলীয় সূত্রগুলো জানায়, এরশাদকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যায়িত করে দেওয়া এই বিবৃতির পর জাপার শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতার সঙ্গে শনিবার রাতে বৈঠক করেন এরশাদ। বৈঠকে কাজী জাফরের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা হয়। কিন্তু সকালে এরশাদ সাংবাদিকদের বলেন, বিবৃতিটি যদি কাজী জাফরের হয়েও থাকে, তিনি অভিমান করে এসব কথা বলেছেন। এরশাদ আরও বলেন, কাজী জাফর তাঁর পরিবারের সদস্যের মতো। তিনি জাতীয় পার্টিতে ছিলেন, আছেন, থাকবেন।
২১ নভেম্বর থেকে হাসপাতালে চিকিৎসাধীন আছেন কাজী জাফর আহমদ। সেখান থেকেই নির্বাচনকালীন সরকারে এরশাদের যোগ দেওয়ার বিষয়ে শনিবার গণমাধ্যমে বিবৃতি দেন তিনি। তাতে জাপার কয়েকজন নেতার নির্বাচনকালীন সরকারে অংশগ্রহণ করার ঘটনায় এরশাদকে বিশ্বাসঘাতক বলে তাঁর বিরুদ্ধে অবস্থান ঘোষণা করেন।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, এরশাদ গতকাল সকাল সাড়ে ১০টায় ইউনাইটেড হাসপাতালে যান। তাঁর সঙ্গে ছিলেন একজন শিল্পপতি। তিনি প্রায় ১০ মিনিট কাজী জাফরের শয্যার পাশে ছিলেন। কিন্তু কাজী জাফর কোনো কথা বলেননি। এর আগে গত বৃহস্পতি ও শুক্রবার দুই দফায় জাপার মহাসচিবকে সঙ্গে নিয়ে এরশাদ হাসপাতালে কাজী জাফরকে দেখতে যান। তখনো তাঁদের মধ্যে কোনো কথা হয়নি।
এরশাদের তিনবার হাসপাতালে আসা ও কথোপকথন সম্পর্কে জানতে চাইলে কাজী জাফর আহমদ গতকাল প্রথম আলোকে বলেন, ‘এরশাদ সাহেব আমার মাথায় হাত রেখে বলেছেন, “আই অ্যাম রিয়্যালি স্যরি”। আরও কিছু কথা বলেছেন, আমি শুধু শুনেছিলাম।’
তবে জাপার সভাপতিমণ্ডলীর একজন সদস্য জানান, কাজী জাফরের বিরুদ্ধে আপাতত এরশাদ কোনো ব্যবস্থা নিচ্ছেন না। ‘রাজনীতির দুই দরজা’ খোলা রাখতেই তিনি এ কৌশল নিয়েছেন।
জাপার মহাসচিব ও বিমানমন্ত্রী এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, কাজী জাফর আহমদ একজন জাতীয় নেতা। তাঁরও নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে। তিনি বিবৃতিতে যা বলেছেন, এতে যে পরিস্থিতির সৃষ্টি হলো, তার পরিসমাপ্তি কীভাবে ঘটাতে হবে—তা দলের চেয়ারম্যান ভালো জানেন।