সেক্টর কমান্ডার লে. কর্নেল (অব.) কাজী নূরুজ্জামান নয় মাস যুদ্ধ করেই দায়িত্ব শেষ করেননি। ১৬ ডিসেম্বর থেকে নতুন যুদ্ধ শুরু করেন। তিনি সমষ্টিগত মুক্তির স্বপ্ন দেখতেন।গতকাল শনিবার নাগরিক কমিটি আয়োজিত স্মরণসভায় বক্তারা এ কথা বলেন। জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ওই সভায় সভাপতির বক্তব্যে নাগরিক কমিটির আহ্বায়ক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘কাজী নূরুজ্জামান রাজাকার ও ঘাতক-দালালদের চিহ্নিত করার যে আন্দোলন শুরু করেছিলেন তা শেষ করতে হবে।’ কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘কাজী নূরুজ্জামানের মতো নেতা, সেক্টর কমান্ডার আরও ছিলেন। তাঁদের কাজ শেষ হয়ে যায় ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরে। কিন্তু নূরুজ্জামানের কাজ সেদিন থেকেই যেন শুরু হয়েছিল।’অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ‘ক্রসফায়ারের নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটানো এবং দেশের সম্পদ বিদেশের হাতে তুলে দেওয়ার জন্য কাজী নূরুজ্জামান মুক্তিযুদ্ধ করেননি।’কাজী নূরুজ্জামানের স্ত্রী সুলতানা সারওয়াতারা জামান বলেন, ‘ও মারা যাওয়ার পর বিভিন্ন সংগঠন আয়োজিত স্মরণসভা, শোকসভার খবরগুলো পড়ে নিজেই অবাক হয়েছি। ও এত কাজ কবে করল, ওকে এত লোক কীভাবে চেনে তা ৬০ বছর একসঙ্গে থেকেও বুঝতে পারিনি।’ এ কথা বলেই তিনি কান্নায় ভেঙে পড়েন।