কাজী মোতাহারের জন্মবার্ষিকী উদ্যাপিত
জ্ঞানতাপস কাজী মোতাহার হোসেনের ১২০তম জন্মবার্ষিকী উদ্যাপিত হলো গতকাল ৩০ জুলাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে গতকাল অনুষ্ঠিত আয়োজনে চল্লিশের দশকের শেষভাগে দেশে মুক্তবুদ্ধির চর্চার অন্যতম এই প্রবক্তার ওপর স্মারক বক্তৃতা দেন সাহিত্য-সংস্কৃতিসেবী মফিদুল হক।
‘তিন অধ্যাপক: এক জীবনাদর্শ’ শীর্ষক বক্তৃতায় মফিদুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ্যাতিমান তিন অধ্যাপক ভাষাবিদ বাংলা বিভাগের মুহাম্মদ শহীদুল্লাহ্, পরিসংখ্যান বিভাগ ও পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের (আইএসআরটি) প্রতিষ্ঠাতা ও শিক্ষক কাজী মোতাহার হোসেন এবং দর্শন বিভাগের অধ্যাপক শহীদ বুদ্ধিজীবী গোবিন্দ্র চন্দ্র দেবের অবদান তুলে ধরেন।
বার্ষিক এ অনুষ্ঠানে পুরস্কৃত করা হয় পরিসংখ্যান বিভাগ এবং আইএসআরটির স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষার মেধাতালিকার শ্রেষ্ঠ ছয় শিক্ষার্থীকে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। সভাপতিত্ব করেছেন কাজী মোতাহার হোসেন ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক সন্জীদা খাতুন। বিজ্ঞপ্তি