কাজীপাড়া ও ১১ নম্বরে পানির কষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুরের পূর্ব কাজীপাড়া ও ১১ নম্বর সেকশনের বিভিন্ন ব্লকে পানির কষ্ট চলছে। পূর্ব কাজীপাড়া ইটখোলা বাজার এলাকার বাসাবাড়িতে সাত দিন ধরে পানি নেই। ১১ নম্বরে ঘটা করে চওড়া পাইপ বসানো হলেও তাতে পানি আসে না। সেখানে পুরোনো লাইনেই পানি আসছে এবং পরিমাণে খুব কম। পানির অভাবে পূর্ব কাজীপাড়ার ভাড়াটেরা বাসা ছেড়ে অন্য এলাকায় চলে যাওয়ার চেষ্টা করছেন।
গতকাল সোমবার এলাকায় গিয়ে এসব তথ্য পাওয়া যায়। পূর্ব কাজীপাড়ায় পাঁচতলা একটি ভবনে ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস করছেন বেসরকারি সংস্থায় কর্মরত আবদুল আলিম। ক্ষোভের সঙ্গে তিনি জানান, রাত ১০টার দিকে অফিস থেকে বাসায় ফিরে হাত ধোয়ার মতো পানিও পাওয়া যায় না। পরে সংরক্ষিত জলাধার (রিজার্ভ ট্যাংক) থেকে বালতি করে পানি এনে কাজ সারেন। তিনি বলেন, ‘সারা দিন অফিসে কাজ করে রাতে বাড়ি ফিরে এভাবে পানি টানা কত কষ্টের, তা ওয়াসার লোকজন অনুভব করতে পারবেন না।’
জানা গেছে, এলাকার বাড়িওয়ালারা ওয়াসার কাছে আবেদন জানিয়ে পানির গাড়ি আনছেন। তা-ও সময়মতো পাওয়া যাচ্ছে না। এক গাড়ি পানি পাওয়া গেলে তা সংরক্ষিত জলাধারে রাখা হয়। সে পানি নিমেষে ফুরিয়ে যায়। খাওয়ার পানি সংগ্রহ করতে হয় জার বা বোতল কিনে।
রওশন আরা বেগম নামের এক গৃহিণী অভিযোগ করেন, শীতকালে গ্যাস থাকে না। এখন পানির কষ্ট। সাত দিন ওয়াসার কলে (ট্যাপ) এক ফোঁটা পানিও আসেনি। বোতলজাত পানির পেছনে প্রতিদিন টাকা খরচ করতে হচ্ছে। অথচ মাস শেষে বাড়িওয়ালার হাতে ঠিকই পানির বিলের টাকা তুলে দিতে হবে। রওশন আরা বলেন, তিন দিন ধরে তিনি অন্য এলাকায় বাসা খুঁজছেন। জানা গেল তাঁর মতো বাসা খুঁজছেন আরও কয়েকজন।
মিরপুর ১১ নম্বর এলাকায় পানির সমস্যা ভিন্ন রকমের। ওয়াসা বলছে, দুটি লাইন থেকে পানি সরবরাহ করা হয়। এলাকাবাসী বলছে, একটি লাইন থেকে আসে। বি ব্লকের ৫ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দারা অভিযোগ করেন, গত বছর এবং চলতি বছরের শুরুতে এলাকার রাস্তা খুঁড়ে পানির মোটা পাইপ বসানো হয়েছিল। সে পাইপে পানির সরবরাহ বাড়বে—এমন আশ্বাসও দিয়েছিলেন ওয়াসার লোকজন। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে বসানো ওই পাইপ আজ পর্যন্ত চালু হয়নি। বর্তমানে পানি আসে পুরোনো লাইন থেকেই। যে পানি এলাকাবাসীর চাহিদার তুলনায় অনেক কম। অন্য ব্লকগুলোতেও একই অবস্থা।
এলাকায় গিয়ে দেখা যায়, বিভিন্ন রাস্তা খুঁড়ে চওড়া পাইপ বসানোর পর গর্ত ঠিকমতো ভরাটও করা হয়নি। কোথাও পাইপের মুখ বেরিয়ে আছে। কোথাও আবর্জনা জমে আছে। পানির পাইপের আন্তসংযোগের জন্য যেসব বক্স তৈরি করা হয়েছিল, অনেক জায়গায় সেগুলো খোলা অবস্থাতেই রয়েছে। ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ সুমন অভিযোগ করে বলেন, ‘দুটি লাইন থেকে পানি পাওয়া দূরের কথা, আগের মতো একটি লাইন থেকেও ঠিকভাবে পানি পাওয়া যাচ্ছে না। তার ওপর খোঁড়া রাস্তা ও খোলা পাইপ এলাকার জন্য চলাচল করাও বিপজ্জনক হয়ে পড়েছে।’
যোগাযোগ করা হলে ঢাকা ওয়াসার মিরপুর এলাকার ১০ নম্বর অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোতালেব বলেন, ১১ নম্বরের বেশির ভাগ অংশে পুরোনো ও নতুন—দুটি লাইন থেকেই পানি সরবরাহ করা হয়। কোথাও সমস্যা থাকলে তা খতিয়ে দেখা হবে। এ ছাড়া পূর্ব কাজীপাড়ায় কিছু বাড়িতে পানির সমস্যা চলছে বলে জানান তিনি। সমাধানের জন্য এলাকায় পানির নতুন পাম্প বসানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।