কাজীপাড়ায় পানি আসে দিনে একবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পূর্ব কাজীপাড়া থেকে মিরপুর ১৩ নম্বরে যাওয়ার সড়ক। সড়ক না বলে সারি সারি জল-কাদার গর্ত বললেও ভুল হবে না। বছরের প্রায় অর্ধেক সময় জুড়েই থাকে এ রকম। কখন কোন গর্তে কে পড়েন, সেই ভয়ে স্থানীয়রা এ রাস্তা এড়িয়েই চলেন। যাঁরা সড়ক দিয়ে যাচ্ছেন তাঁদের বেশির ভাগের হাতেই পানির পাত্র, গ্যালন ও ড্রাম। কোন বাড়িতে একটু পানি মিলবে, সেই খোঁজে ব্যস্ত সবাই।
পূর্ব কাজীপাড়ার বেশির ভাগ বাড়িতে ওয়াসার লাইন দিয়ে যে পানি আসছে, তার সঙ্গে নর্দমার পানির খুব একটা পার্থক্য নেই। পানির সঙ্গে কঠিন-তরল সব ধরনের বর্জ্য ঘর পর্যন্ত চলে আসছে। পানিতে কেন ময়লা আসে, তার খোঁজ করতে গিয়ে জানা গেল, এখন পুরো গলিটিতেই চলছে খোঁড়াখুঁড়ি। গলিটির শুরু থেকে শেষ পর্যন্ত খুঁড়ে রাখা এসব গর্তে জমছে পানি। এ থেকে এখন এলাকায় মশার সংখ্যাও বাড়ছে।
পূর্ব কাজীপাড়ায় এসব খোঁড়াখুঁড়িকে অবশ্য ঢাকা ওয়াসা ‘উন্নয়ন’ নামেই অভিহিত করছে। স্বয়ংক্রিয় যন্ত্র দিয়ে ওয়াসার পানির পুরোনো পাইপ বদলে নতুন পাইপ বসাচ্ছে তারা। কোবরা ট্যাডাগুয়া নামের একটি স্পেনভিত্তিক প্রতিষ্ঠান ঢাকা ওয়াসা ও এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে এ কাজ করছে। ঢাকা ওয়াসার পানির লাইনের এই ‘উন্নয়নের’ পর থেকেই পূর্ব কাজীপাড়ার বেশির ভাগ বাড়িতে ২৪ ঘণ্টায় দুই ঘণ্টা পানি মিলছে।
যোগাযোগ করা হলে ঢাকা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এ ডি এম কামরুল আলম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘পানির সরবরাহ বাড়াতে পুরো এলাকার লাইন পরিবর্তন করতে হচ্ছে। কারিগরি বিষয় বলে কাজটি মাঝপথে বন্ধও করা যাচ্ছে না। জনগণ কষ্ট করছে আমরা জানি, চেষ্টা করা হচ্ছে দ্রুত কাজ শেষ করতে।’
স্থানীয়দের অভিযোগ, বিকল্প পানির লাইন স্থাপন না করে নতুন লাইন বসাতে গেছে কোবরা ট্যাডাগুয়া নামের প্রতিষ্ঠানটি। স্বয়ংক্রিয় যন্ত্র দিয়ে মাটির নিচে পাইপ বসাতে গিয়ে পুরোনো পানির লাইন থেকে শুরু করে গ্যাসের লাইনও গেছে ফেটে। সেই সঙ্গে পুরোনো পানির পাইপ ও সুয়ারেজ লাইন এক হয়ে গেছে। এতে বেশির ভাগ বাসায় পানির সরবরাহই বন্ধ হয়ে গেছে। যাও পানি আসছে তাও ময়লা ও দুর্গন্ধযুক্ত।
পূর্ব কাজীপাড়ার হাসিনা ভিলার বাসিন্দা মাসুম বিশ্বাস এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, ‘দুর্গন্ধযুক্ত পানির কারণ এখন আমাদের নিয়মিত পানি কিনে খেতে হচ্ছে। নোংরা ও জীবাণুমুক্ত পানির কারণে বাসায় পেট খারাপ থেকে শুরু করে নানা ধরনের চর্মরোগ দেখা দিচ্ছে।’
রাস্তায় যাচ্ছেতাইভাবে খোঁড়াখুঁড়ি আর পানির লাইন কেটে যাওয়ায় কোবরা ট্যাডাগুয়া কোম্পানির প্রকৌশলী ও কর্মীদের সঙ্গে এলাকাবাসীর মাঝেমধ্যেই কথা-কাটাকাটি হয়। গত শুক্রবার এলাকাবাসীর সঙ্গে কোম্পানির কর্মীদের মারামারির ঘটনাও ঘটেছে।
এ বিষয়ে কোবরা ট্যাডাগুয়া কোম্পানির কাজীপাড়া এলাকার প্রকৌশলী বদরুল হায়দার প্রথম আলোকে বলেন, ‘এলাকাবাসী সহযোগিতা করলে আমরা দু-এক দিনের মধ্যে পানির সমস্যার সমাধান করে ফেলব।’