কাজীপাড়ায় যুবলীগ নেতার গাড়িতে বোমা নিক্ষেপ
ঢাকা মহানগর (উত্তর) যুবলীগের সভাপতি মাইনুল হোসেন খান নিখিলের গাড়িকে লক্ষ্য করে বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় কয়েকটি বোমা বিস্ফোরিত হয়। আজ বুধবার রাত নয়টার দিকে রাজধানীর কাজীপাড়ার আল হেলাল হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। তবে এতে নিখিলের কোনো ক্ষতি হয়নি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি তাঁর কাজীপাড়ার কার্যালয়ে অবস্থান করছিলেন।
কাফরুল থানা যুবলীগের আহ্বায়ক শেখ জহিরুল ইসলাম বলেন, ব্যক্তিগত গাড়িতে করে নিখিল কাজীপাড়ার কার্যালয় থেকে বেরিয়ে মিরপুর ১০ নম্বরে ডিজিল্যাবে যান। সেখান থেকে নাখালপাড়ার দিকে রওনা হন। তাঁর গাড়িটি আল হেলাল হাসপাতালের সামনে আসার সঙ্গে সঙ্গেই এ হামলার ঘটনা ঘটে।
জহিরুল বলেন, স্থানীয় জনতা সেখান থেকে দুজনকে ধরে কাফরুল থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী বলেছেন, যুবক দুজন হলেন জাবেদ ও রফিক। তাঁরা একটি বায়িং হাউসে চাকরি করেন বলে পুলিশের কাছে জানিয়েছেন। তিনি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।