কাজীপাড়ায় গুলি করে পাঁচ লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুর কাজীপাড়ায় হাসান তারেক (২২) নামের এক যুবককে গুলি করে পাঁচ লাখ টাকা নিয়ে গেছে ছিনতাইকারীরা। গতকাল রোববার বিকেলে এ ঘটনা ঘটেছে। আহত যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, বিকেল পৌনে চারটার দিকে নিউমার্কেটের জুতা ব্যবসায়ী আবদুল কাইয়ুম ছোট ভাই হাসান তারেককে সঙ্গে নিয়ে প্রাইম ব্যাংকের রোকেয়া সরণি শাখা থেকে পাঁচ লাখ টাকা তোলেন। টাকা নিয়ে হেঁটে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলে আসা কয়েকজন ছিনতাইকারী তাঁদের পথরোধ করে। তারা হাসান তারেকের পায়ে গুলি করে তাঁর হাত থেকে টাকাভর্তি ব্যাগ নিয়ে পালিয়ে যায়। হাসপাতালে আবদুল কাইয়ুম সাংবাদিকদের বলেন, রাস্তা পার হয়ে তাঁরা কাজীপাড়া বাসস্ট্যান্ড থেকে বাসে উঠে নিউমার্কেটে যাচ্ছিলেন। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই ছিনতাইকারীরা তাঁদের পথরোধ করে। তিনি জানান, হাসান তারেক ধানমন্ডির একটি আইন মহাবিদ্যালয়ের ছাত্র। যোগাযোগ করা হলে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী প্রথম আলোকে বলেন, ব্যাংক থেকে টাকা তোলার সময় পুলিশের সহযোগিতা নেওয়া হলে এই ছিনতাইয়ের ঘটনা ঘটত না। এদিকে গত শনিবার মধ্যরাতে পুরান ঢাকার শ্যামবাজারে হাতবোমা ফাটিয়ে কাঁচামাল ব্যবসায়ী শহিদুল ইসলামের ২০ হাজার টাকা ছিনতাই হয়েছে। এ ঘটনায় ওই ব্যবসায়ী আহত হন।