কাজীপুর ও রায়গঞ্জে ইউরিয়ার সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের কাজীপুর ও রায়গঞ্জ উপজেলায় চলতি আমন মৌসুমে ইউরিয়া সারের সংকট দেখা দিয়েছে। ফলে এবারের আমন উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।জানা গেছে, ডিলাররা বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থার (বিসিআইসি) আমদানি করা ইউরিয়া সার বাঘাবাড়ীর বাফার গুদাম থেকে উত্তোলন না করায় এবং যমুনা সার কারখানা থেকে বরাদ্দ ইউরিয়া সরবরাহ না পাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। কাজীপুরের গান্ধাইল ইউনিয়নের কৃষক আজাহার আলী বলেন, ‘বাফার গুদামের সার কিনে জমিতে দেওয়া হয়েছিল। কিন্তু কোনো ফল পাওয়া যায়নি। বাজারে যমুনা কোম্পানির সার থাকলেও তা প্রতি বস্তা নির্ধারিত মূল্যের চেয়ে ২০০ থেকে ৩০০ টাকা বেশি বিক্রি হচ্ছে। এ কারণে জমিতে সার দিতে পারছি না।’ কৃষকেরা জানান, কাজীপুর ও রায়গঞ্জে ১৭ জন করে ৩৪ জন ডিলার থাকলেও তাঁদের কাছে যমুনা সার কারখানার সার নেই। বাঘাবাড়ী বন্দরের বাফার গুদামের সার ভালো না, তাই তাঁরা এ সার ব্যবহার করছেন না। রায়গঞ্জের ধানগড়া ইউনিয়নের আবুদিয়া গ্রামের কৃষক নজরুল ইসলাম বলেন, হঠাৎ করে ডিলারদের কারণে বাজারে সার সরবরাহ কমে যাওয়ায় খুচরা বিক্রেতাদের কাছ থেকে বেশি দামে সার কিনতে হচ্ছে। প্রচারমাধ্যমে বলা হচ্ছে, সারের মজুদ প্রয়োজনের চেয়ে বেশি। অথচ বাজারে পাওয়া যাচ্ছে না। একই ধরনের কথা বলেন কৃষক শাহজাহান আলী, শহিদুল ইসলামসহ কয়েকজন।কাজীপুরের ডিলার চান মুনসী বলেন, ‘উপজেলার ১৭ জন ডিলারের জন্য গত মাসে বাফার গুদাম থেকে ১৫ মেট্রিক টন এবং যমুনা সার কারখানা থেকে ১৫ মেট্রিক টন ইউরিয়া সার বরাদ্দ দেওয়া হয়। বাফার গুদামের সারের বস্তা জমাট বেঁধে যাওয়ায় কৃষকেরা তা কিনছেন না। এ কারণে অনেক ডিলার এই সার উত্তোলন করেননি। যমুনা কোম্পানির সারের চাহিদা থাকা সত্ত্বেও গত মাসের সার চলতি মাসে ডিলারদের সরবরাহ দেওয়া হচ্ছে। তাও অল্প অল্প করে। আমরা টাকা অগ্রিম জমা দেওয়া সত্ত্বেও সার পাচ্ছি না। চলতি সেপ্টেম্বর মাসের বরাদ্দ সার কবে পাওয়া যাবে জানি না। তবে চাহিদা বেশি থাকায় বাধ্য হয়ে বাফার গোডাউনের সার নিয়ে এসেছি।’কাজীপুর উপজেলা কৃষি কর্মকর্তা সন্তোষ চন্দ্র চন্দ সারের সংকট নেই দাবি করে বলেন, কৃষকেরা যমুনার সার ব্যবহারে অভ্যস্ত হওয়ায় তাঁরা এই সারের প্রতি বেশি আস্থা রাখেন। বাফার সারের প্রতি তাঁদের কিছুটা অনাগ্রহ রয়েছে। কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বলেন, ডিলারদের নিয়ে সভা হয়েছে। তাঁরা যাতে যমুনা কোম্পানির সার বেশি সরবরাহ পান সে ব্যবস্থা করা হচ্ছে।রায়গঞ্জের ইউএনও রবিউল ইসলাম বলেন, গত মঙ্গলবার উপজেলার ১৭ জন ডিলারকে ডেকে পরবর্তী তিন দিনের মধ্যে বরাদ্দ সার উত্তোলন করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।