কাজীপুর ও শাহজাদপুরে দুজন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের কাজীপুরে ছেলের হাতে মা এবং শাহজাদপুরে এক দোকান কর্মচারী খুন হয়েছে।কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, গতকাল বৃহস্পতিবার সকালে কাজীপুর উপজেলার বিলচতল গ্রামের রেজাব আলীর ছেলে সাদ্দামের সঙ্গে তাঁর মা মমতা বেগমের (৪৮) ঝগড়া হয়। একপর্যায়ে সাদ্দাম তাঁর মায়ের মাথায় ইট দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মমতা বেগমের মৃত্যু হয়। এ ঘটনার পর থেকে সাদ্দাম পলাতক। মমতা বেগমের ভাই মতিয়ুর রহমান বাদী হয়ে সাদ্দামকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। সোমবার রাতে শাহজাদপুর উপজেলার সাতবাড়িয়া বাজারের একটি দোকানের কর্মচারী বাবলু মিয়া (১৬) নিখোঁজ হয়। বুধবার সন্ধ্যায় সরিষাখেতে তার লাশ পাওয়া যায়। শাহজাদপুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, বাবলুর কানের নিচে ক্ষতচিহ্ন এবং গলায় দাগ দেখা গেছে। ময়নাতদন্তের জন্য লাশ সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পাশের দোকানের কর্মচারী মামুনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।