কাজীপুরে এক বাজারে ১৫ দিনে ছয় দোকানে চুরি
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার শিমুলদাইড় বাজারে চুরি বেড়ে গেছে। চোরেরা গত ১৫ দিনে ছয়টি দোকান থেকে ২৩ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। পুলিশ চুরি বন্ধ করতে কোনো উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ করেছেন ওই বাজারের ব্যবসায়ীরা। চুরি বেড়ে যাওয়ায় তাঁদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, একদল চোর গত রোববার দিবাগত রাতে উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের সিরাজগঞ্জ-সোনামুখী আঞ্চলিক সড়কের পাশের শিমুলদাইড় বাজারের আলামিন হোসেনের কাপড়ের দোকান এবং জামাল হোসেন ও সুলতান মাহমুদের মুদি দোকান থেকে নগদ আট লাখ টাকা ও এক লাখ টাকার মালামাল টিনের বেড়া কেটে দোকানে ঢুকে নিয়ে যায়। একইভাবে চোরেরা গত ১৫ দিন আগে দুলাল হোসেন ও রফিকুল ইসলামের মুদি দোকান থেকে ১৪ লাখ এবং আলামিনের কাপড়ের দোকান থেকে চার লাখ টাকার মালামাল নিয়ে যায়।
আলামিন ও রফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘চুরির বিষয়ে থানায় অভিযোগ করতে গেলে পুলিশ শুধু একটি সাধারণ ডায়েরি (জিডি) লিখে রাখে। চোরদের গ্রেপ্তার করে না। এ কারণে গত ১৫ দিন ধরে এসব চুরির ঘটনা ঘটেছে। এখন ব্যবসা বন্ধ রাখা ছাড়া আমাদের সামনে আর কোনো পথ খোলা নেই।’
কাজীপুর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল জলিল জানান, এসব চুরির বিষয়ে থানায় জিডি করা হয়েছে। বাজারটি সিরাজগঞ্জ-সোনামুখীআঞ্চলিক সড়কের পাশে হওয়ায় বহিরাগত চোরেরা মাইক্রোবাস নিয়ে এসে এই ঘটনাগুলো ঘটাচ্ছে। এ কারণে চোরদের শনাক্ত করা যাচ্ছে না। তবে চুরির ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের গ্রেপ্তারের জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে।