কাজীপুরে কর্মসৃজন প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার ১২টি ইউনিয়নের কর্মসৃজন প্রকল্প বাস্তবায়ন নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। কম শ্রমিক দিয়ে কাজ করানো ও অনুপস্থিত শ্রমিকদের উপস্থিত দেখিয়ে বিল প্রদান করায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ও গান্ধাইল ইউপির চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।উপজেলা প্রশাসন ও প্রকল্পসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গান্ধাইল ইউনিয়নের উদগাড়ী বাজার থেকে মাথাইলচাপড় গ্রাম পর্যন্ত রাস্তা নির্মাণে কম উপস্থিত থাকলেও বেশি শ্রমিকের বিল প্রদান করা হয়। বিষয়টি জানাজানি হওয়ার পর গত সপ্তাহে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইউপি চেয়ারম্যান আবদুল বারেক ও পিআইও আবুল কালাম আজাদকে কারণ দর্শানোর নোটিশ দেন। ইউপি চেয়ারম্যান মো. আবদুল বারেক মিয়া টাকা উত্তোলনের কথা স্বীকার করে বলেন, দু-চারজন শ্রমিক কম হতে পারে। কারও অনুপস্থিতিতে তার ভাই বদলি হিসেবে কাজ করে থাকে। এ ছাড়া সব ইউপি সদস্যকে কাজ দেওয়া সম্ভব হয়নি। যে কারণে অনেকেই বিরোধিতা করবে, এটাই স্বাভাবিক।গত ৩০ এপ্রিল শুভগাছা ইউনিয়নের আমনমেহার গ্রামের জুলফিকার আলীর বাড়ি থেকে সুলতান মল্লিকের বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণে ৫০ জনের জায়গায় ১০ জন শ্রমিককে কাজ করতে দেখা গেছে। একই ইউনিয়নের চরবড়বাড়িয়া গ্রামের মাটির কেল্লা নির্মাণে ৪৪ জনের জায়গায় দেখা গেছে ১০ জন শ্রমিককে কাজ করতে। কিন্তু শ্রমিকের শতভাগ উপস্থিতি দেখিয়ে টাকা উত্তোলন করা হয়েছে।নিশ্চিন্তপুর ইউনিয়নে শ্রমিকের সংখ্যা ১১৭ জন। ইউনিয়নের চা-স্টল নামক স্থানের দক্ষিণে কোরবান মেম্বারের বাড়ি হয়ে কাজল গ্রামের শেখের বাড়ি পর্যন্ত রাস্তায় ৮০ জন শ্রমিক নির্ধারিত রয়েছেন। গত মঙ্গলবার সেখানে গিয়ে ৩২ জন শ্রমিককে কাজ করতে দেখা গেছে, এর অধিকাংশই ছিল স্কুলছাত্র। অষ্টম শ্রেণীর ছাত্র নাসির উদ্দীন জানায়, স্কুল বন্ধ থাকায় তারা কয়েকজন চুক্তিতে কাজ করতে এসেছে।এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আবদুল হামিদের ছেলে মো. সুরুজ জামান জানান, তাঁর বাবার অসুস্থতার কারণে ইউএনওর মৌখিক নির্দেশে তিনি দায়িত্ব পালন করছেন। এলাকাটি অতিদরিদ্র হওয়ায় বেশির ভাগ শ্রমিক বাইরে কাজ করতে গেছেন। এ কারণে শ্রমিক কম পাওয়া যাচ্ছে।তেকানী ইউনিয়নের নির্ধারিত শ্রমিকের সংখ্যা ১০৩ জন। স্থানীয় মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ বলেন, তালিকাভুক্ত শ্রমিকদের বাদ দিয়ে স্বল্পসংখ্যক শ্রমিক দিয়ে কাজ করানো হচ্ছে। প্রত্যেক শ্রমিককে ১৭৫ টাকা করে দেওয়ার কথা থাকলেও পুরুষদের ১৫০ ও নারীদের ১২৫ টাকা করে দেওয়া হচ্ছে। এ বিষয়ে চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন বলেন, শতভাগ শ্রমিক কাজ করছেন। অসুখ-বিসুখের জন্য কিছু শ্রমিক অনুপস্থিত থাকতে পারেন। শ্রমিকেরা কম টাকা পেয়েছেন এ অভিযোগ তিনি পাননি।ইউএনও মো. সাইফুল ইসলাম জানান, বেশ কয়েকটি প্রকল্পে কম শ্রমিক কাজ করার অভিযোগ পাওয়া গেছে। ইতিমধ্যেই গান্ধাইল ইউপি চেয়ারম্যান ও পিআইওকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, বিগত বছরগুলোর চেয়ে এবারে কাজ ভালো হচ্ছে।পিআইও মো. আবুল কালাম আজাদ জানান, তাঁর একার পক্ষে সব প্রকল্পে যাওয়া সম্ভব নয়। ইউপি চেয়ারম্যান ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা যেভাবে বিল দিচ্ছেন, সেভাবেই পরিশোধ করা হচ্ছে।