কাজীপুরে ছড়িয়ে পড়ছে গবাদিপশুর বাদলা রোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চরাঞ্চলে বাদলা রোগ ছড়িয়ে পড়ছে। এই রোগে আক্রান্ত হয়ে গত ১৫ দিনে শতাধিক গরু মারা যাওয়ার খবর পাওয়া গেছে। বন্যার পানি নেমে যাওয়ার পর এই রোগে আক্রান্ত গরুর সংখ্যা বাড়ছে।গবাদিপশুর মালিকেরা বলছেন, প্রাণিসম্পদ বিভাগ থেকে প্রতিষেধক সরবরাহ না করায় এই রোগে আক্রান্ত হয়ে গরুগুলো মারা যাচ্ছে। বিষয়টি জানাজানি হওয়ার পর গত সোমবার থেকে প্রাণিসম্পদ বিভাগ থেকে দুটি চিকিৎসক দল গঠন করা হয়েছে। তারা আক্রান্ত এলাকায় প্রতিষেধক দেওয়া শুরু করেছে।কাজীপুর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় ও গবাদিপশুর মালিকদের সূত্রে জানা গেছে, উপজেলার চরাঞ্চলের নাটুয়াপাড়া, চরগিরিশ, নিশ্চিন্তপুর, তেকানী ও মনসুরনগর—এই পাঁচ ইউনিয়নের গবাদিপশু বাদলা রোগে আক্রান্ত হচ্ছে। এই রোগের লক্ষণ অনুযায়ী আক্রান্ত হওয়ার পর গরুগুলো প্রথমে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। কিছু পর গলা ও পেট ফুলে যায়। এরপর ১২ থেকে ১৮ ঘণ্টার মধ্যেই মারা যায়। গত ১৫ দিনে এই রোগে আক্রান্ত হয়ে শতাধিক গরু মারা গেছে। এর মধ্যে দুই থেকে চার বছর বয়সী বাছুর গরুর সংখ্যা বেশি বলে জানা গেছে।মারা যাওয়া গরুর মালিক নাটুয়াপাড়া ইউনিয়নের রেহাইশুরেবির গ্রামের আবদুল কাদের জানান, রোববার রাতে তাঁর গরু আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসা করার সময় পর্যন্ত পাওয়া যায়নি। ভোররাতেই মারা যায়। একই সঙ্গে এই এলাকার আরও পাচটি গরু মারা গেছে। চরাঞ্চলে বন্যার পানি কমতে থাকায় এখনই এই রোগ বেশি ছড়িয়ে পড়ছে। শতাধিক গরুর মৃত্যুর সংবাদ জানা গেলেও এই পাঁচটি ইউনিয়নে এর সংখ্যা আরও বেশি হতে পারে। তিনি আরও জানান, দুর্গম চরাঞ্চল হওয়ায় স্থানীয় চিকিৎসকদের দিয়ে চিকিৎসা করানো হচ্ছে। প্রথম দিকে স্থানীয় চিকিৎসকেরা রোগটি নির্ণয় করতে না পারলেও পরে সক্ষম হয়েছেন। তবে প্রাণিসম্পদ বিভাগ থেকে প্রতিষেধক দিলে গরুগুলো মারা যেত না।স্থানীয় পশুচিকিৎসক মনির হোসেন জানান, বাদলা রোগে গরুগুলো আক্রান্ত হচ্ছে। তিনি এ পর্যন্ত ২০০ গরুর চিকিৎসা করেছেন বলে দাবি করেন। এর মধ্যে দেরিতে চিকিৎসা দেওয়ায় ৫২টি গরু মারা গেছে। যথাসময়ে যেসব গরুকে চিকিৎসা দেওয়া যাচ্ছে, সেগুলো সেরে উঠছে।কাজীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শোহেল আমিন জানান, এলাকাটি দুর্গম হওয়ায় এখানে যাতায়াত কষ্টকর। খবর পাওয়ার পর সেখানে গিয়ে কিছু গরু মারা যাওয়ার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। গরুগুলো বাদলা রোগ ও কাঁচা নতুন গজানো ঘাস খেয়ে নাইট্রেট বিষক্রিয়ায় মারা যেতে পারে। প্রতিষেধক দেওয়া শুরু হয়েছে। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, খবর জানার পরই দুটি চিকিৎসক দল পাঠানো হয়েছে। বর্ষার পর পানি নেমে যাওয়ার সময় কাঁচা ঘাস খেয়ে নাইট্রেট বিষক্রিয়ায়ও গরু মারা যেতে পারে। এ ছাড়া, বাদলা ও তড়কা রোগে আক্রান্ত হয়েও মারা যেতে পারে। পরীক্ষা করার পর বিস্তারিত জানানো যাবে।