কাজীপুরে জমি নিয়ে বিরোধের জেরে কলেজছাত্র খুন
সিরাজগঞ্জের কাজীপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে নূরুল ইসলাম (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। তিনি উপজেলার হরিনাথপুর গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে। গতকাল মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে।মামলার এজাহার সূত্রে জানা গেছে, জমি নিয়ে নূরুল ইসলামের সঙ্গে তাঁর চাচা মোস্তাফিজুর রহমানের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গতকাল সকাল নয়টার দিকে নূরুল ইসলাম বিরোধপূর্ণ জমিতে চাষাবাদ করতে গেলে মোস্তাফিজুর রহমানের ছেলে সবুজ শেখ ও নূরুন্নবী শেখ তাঁকে লাঠি দিয়ে পেটাতে থাকেন। এতে ঘটনাস্থলেই নূরুল ইসলামের মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ সবুজ ও নূরুন্নবীকে গ্রেপ্তার করেছে।কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে নূরুল ইসলামকে প্রতিপক্ষের লোকজন পিটিয়ে হত্যা করেছে। এ ঘটনায় নিহত কলেজছাত্রের মামা আবদুল মান্নান সরকার চারজনকে আসামি করে মামলা করেছেন। এজাহারভুক্ত দুজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।