কাজীপুরে ট্রলারে ডাকাতি, এক যাত্রী নিখোঁজ
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার প্রত্যন্ত চরাঞ্চল যমুনা নদীর ত্রিমোহনী এলাকায় শনিবার দুপুরে ইঞ্জিনচালিত নৌকায় (ট্রলারে) ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের গোলাগুলি ও মারধরে এক যাত্রী নিখোঁজ হয়েছেন। কাজীপুর থানার পুলিশ ও এলাকাবাসী জানান, শনিবার দুপুরে ময়মনসিংহের কয়েকজন গরু ব্যবসায়ী জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিগনাঘাট থেকে ট্রলারে করে সিরাজগঞ্জের কাজীপুরের নাটুয়াপাড়া হাটে গরু কিনতে যাচ্ছিলেন। যমুনা নদীর ত্রিমোহনী এলাকায় ডাকাতদের দুটি ট্রলার দুই দিক থেকে হামলা চালিয়ে গতিরোধ করে ওই ট্রলারের যাত্রীদের এলোপাতাড়িভাবে মারধর করে। একপর্যায়ে যাত্রীরা প্রতিরোধের চেষ্টা করলে ডাকাতেরা কয়েকটি গুলি ছোড়ে। এতে ভয়ে কয়েকজন যাত্রী নদীতে ঝাঁপ দিয়ে বাঁচার চেষ্টা করেন। এ সময় ডাকাতেরা যাত্রী ও গরু ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় ৩০ লাখ টাকা লুটে নিয়ে গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়। ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার জান্নাতী গ্রামের গরু ব্যবসায়ী মো. দোহানল (৩৫) নদীতে পড়ে নিখোঁজ হন। এ ঘটনায় আরও পাঁচজন গরু ব্যবসায়ী আহত হন। কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, এখন পর্যন্ত কেউ এ ব্যাপারে থানায় অভিযোগ করেনি।এদিকে সরিষাবাড়ী উপজেলার তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বশিরুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ট্রলারে ৭০-৮০ জন গরু ব্যবসায়ী ছিলেন। তবে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি।