কাজীপুরে দুটি প্রকল্পে দুর্নীতির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় দুটি প্রকল্প বাস্তবায়নে দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রকল্প দুটির জন্য ক্রয় করা নিম্নমানের উপকরণ পরিবর্তনের জন্য ১২ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরা ২৯ সেপ্টেম্বর পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) সময় বেঁধে দিয়েছেন।তবে ইউএনও মো. সাইফুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, জুনের মধ্যে কাজ সম্পন্ন করার কথা থাকায় তড়িঘড়ি করে তা করা হয়েছে। চেয়ারম্যানরা টাকাপয়সা নেওয়ার জন্য এখন নানা ধরনের পাঁয়তারা করছেন। সংশ্লিষ্ট সচিবেরা স্থানীয়ভাবে প্রকল্প তৈরি করে ওই প্রকল্পের কমিটির মাধ্যমে তা সম্পন্ন করেছেন। এখানে তাঁর একক কোনো আধিপত্য ছিল না। নলকূপের কাজ ঠিকাদারদের দিলে তা ভালো হতো না বিধায় সরকারি কর্মচারীদের মাধ্যমে করা হয়েছে। এটা অন্যায় কিছু নয়। জুনের মধ্যে শতভাগ মালামাল সরবরাহ সম্পন্ন না হওয়ায় একটু বেশি সময় লেগেছে।কাজীপুর উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, গত অর্থবছরে উপজেলার ১২টি ইউনিয়নে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়নের জন্য লোকাল গভর্নমেন্ট সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি) ও এলআইসির আওতায় এক কোটি ১২ লাখ টাকা বরাদ্দ আসে। এই অর্থ সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে খরচ করার কথা। কিন্তু ইউএনও ইউনিয়ন পরিষদের সচিবদের মাধ্যমে কমিটি করে এ প্রকল্প বাস্তবায়ন করেছেন। এর মধ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আসবাব সরবরাহ, নলকূপ স্থাপন ও সংস্কার রয়েছে।