কাজীপুরে পাউবোর স্পারে ধস এলাকায় আতঙ্ক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মেঘাই এলাকায় যমুনা নদীতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মেঘাই-৩ স্পারে ধস নেমেছে। গত শুক্রবার এই ধসের ফলে সিমেন্টের কংক্রিট অংশ থেকে প্রায় ৫০ মিটার মাটির বাঁধ বিচ্ছিন্ন হয়ে গেছে।এলাকাবাসী জানায়, শুক্রবার সকাল থেকে স্পারের কংক্রিটের তলদেশ দিয়ে পানি প্রবাহিত হতে থাকে। তীব্র স্রোতের ধারায় প্রবাহিত পানি ঘূর্ণিপাক খেয়ে মাটির বাঁধে আঘাত হানে। দুপুরে আকস্মিকভাবে কংক্রিটের অংশ থেকে ৫০ মিটার বাঁধের মাটি নদীগর্ভে বিলীন হয়ে যায়। এ বিষয়ে সিরাজগঞ্জ পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, স্পারটির নাজুক অবস্থার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ চাওয়া হয়েছিল। কিন্তু পর্যাপ্ত অর্থ বরাদ্দ না আসায় বর্ষা মৌসুমের আগে মেরামতকাজ করা সম্ভব হয়নি। বর্তমানে জরুরি ভিত্তিতে বালির বস্তা ফেলার কাজ শুরু হয়েছে।