কাজীপুরে বন্যানিয়ন্ত্রণ বাঁধে ভাঙন
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার বাঐখোলায় বন্যানিয়ন্ত্রণ বাঁধে নতুন করে ভাঙন শুরু হয়েছে। স্থানীয় লোকজন স্বেচ্ছাশ্রমে বাঁশ ও গাছের গুঁড়ি দিয়ে বাঁধের ভাঙন ঠেকানোর চেষ্টা করছেন।
এলাকার অনেকে অভিযোগ করে বলেন, গত বছর বাঁধটি পুরোপুরি নির্মাণ না করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
উপজেলা প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ২০১২-১৩ অর্থবছরে উপজেলার গান্ধাইলের বাঐখোলায় যমুনার শাখা নদীতে প্রায় দেড় কিলোমিটার এলাকায় বন্যানিয়ন্ত্রণ বাঁধ কাম রাস্তা নির্মাণ করা হয়। মূলত উপজেলার গান্ধাইল, পাটাগ্রাম, খুকশিয়া, বাঐখোলা ও শুভগাছা ইউনিয়নের কয়েকটি গ্রাম ও পাশের রতনকান্দি ইউনিয়নের রতনকান্দি, কুড়ালিয়া, বাহুকা এলাকা যমুনার ভাঙনের কবল থেকে রক্ষায় এ বাঁধ নির্মাণ করা হয়।
গত শুক্রবার সরেজমিনে দেখা যায়, বাঁধের অর্ধেক অংশ নদীতে বিলীন হয়েছে। স্থানীয় লোকজন স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁশ এবং গাছের গুঁড়ি পুঁতে ভাঙন ঠেকানোর চেষ্টা করছেন। এ সময় বাঐখোলা গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবদুর রশিদ জানান, বাঁধটি নির্মাণে ওই সময় বরাদ্দ কম থাকায় স্থানীয়ভাবে কাজ অসম্পূর্ণ থেকে যায়। যে কারণে বাঁধটি রক্ষায় প্রয়োজনীয় সংস্কারকাজ করা সম্ভব হয়নি।
একই গ্রামের আল আমিন, ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য আবদুল আজিজ জানান, বাঁধটি রক্ষার জন্য সরকারি কোনো বরাদ্দ না পেয়ে এলাকাবাসী নিজেরাই কাজ শুরু করেছেন। স্থায়ীভাবে বাঁধটির সমাধানের জন্য এলাকাবাসী স্থানীয় সাংসদ স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সহযোগিতা কামনা করেছেন। তাঁরা আরও জানান, গত বছর বাঁধটির নির্মাণ অসম্পূর্ণ থাকায় এখন তা ধসে পড়ছে।
এ ব্যাপারে কাজীপুর ইউএনও মো. সাফিউল ইসলাম জানান, বিষয়টি মাসিক সভায় আলোচনা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।