কাজীপুরে বন্যানিয়ন্ত্রণ স্পারের ৩৫ মিটার ধস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মেঘাই এলাকায় যমুনা নদীর বন্যানিয়ন্ত্রণ স্পারের মাটির স্যাঙ্ক ধসে গেছে। গত বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আকস্মিকভাবে বাঁধের প্রায় ৩৫ মিটার ধসে যায়। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ধস নিয়ন্ত্রণে রাখতে বালুর বস্তা ফেলছে।
সিরাজগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী বাবুল চন্দ্র শীল জানান, বাঁধের পূর্ব পাশে নদীতে চর জেগে ওঠায় পানি সরাসরি বাঁধে আঘাত করছে। প্রবল স্রোতের কারণে ঘূর্ণাবর্তের সৃষ্টি হচ্ছে।
এ কারণে নিচ থেকে মাটি সরে যাওয়ায় এই ধস নামছে। জরুরিভাবে বালুর বস্তা ও সিসি ব্লক ফেলে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বালুর বস্তা ও সিসি ব্লক ফেলা অব্যাহত রয়েছে। বর্তমানে নদীতে পানি কম রয়েছে। এখন আপাতত ধসের কোনো আশঙ্কা নেই। শুকনো মৌসুমে এটি মেরামত করা হবে।
সিরাজগঞ্জ পাউবো ও এলাকাবাসী সূত্র জানায়, বুধবার রাতে কাজীপুরে সদর ইউনিয়নে ওই বাঁধের নিচের অংশ থেকে বুদ্বুদ উঠতে থাকে। এর কিছুক্ষণ পর বাঁধের সিসি ব্লকসহ মাটি চাপ ধরে ধসে যেতে শুরু করে। রাত থেকে সকাল পর্যন্ত ১৩৫ মিটার দীর্ঘ স্পারের ৩৫ মিটার ধসে যায়। ধস নামার সঙ্গে সঙ্গে পাউবো, উপজেলা প্রশাসন ও স্থানীয় মানুষ বালুর বস্তা ও সিসি ব্লক ফেলা শুরু করে।
এ বিষয়ে কাজীপুর সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামরুজ্জামান ও চার-পাঁচজন এলাকাবাসী অভিযোগ করেন, পাউবোর কর্মকর্তারা দীর্ঘদিন ধরে বাঁধটি সংস্কার না করায় এটি ধসে গেছে। তাঁদের গাফিলতির কারণেই এই অবস্থার সৃষ্টি হয়েছে। ওই এলাকায় গভীর গর্তের সৃষ্টি হলেও তাঁরা জরিপ করেননি। এ কারণে কাজীপুরবাসীকে এর মূল্য দিতে হচ্ছে।
কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাফিউল ইসলাম বলেন, খবর পাওয়ার পর তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজনের সহায়তায় বালুর বস্তা ফেলা শুরু করা হয়। পরে পাউবোর কর্মকর্তারা এসে কাজে যোগ দেন। তবে পানি কম থাকায় এখন তেমন কোনো আতঙ্ক নেই।
যমুনার ভাঙন থেকে কাজীপুর উপজেলা রক্ষার জন্য ২০০১ সালে প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে মেঘাইসহ ভাটির শুভগাছা পর্যন্ত সাতটি স্পার নির্মাণ করা হয়। এর পাঁচটি নদীগর্ভে বিলীন হয়ে যায়।