কাজীপুরে বাড়তি টাকা আদায়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটার তালিকার সিডি নেওয়ার সময় প্রার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রার্থী বলেন, ২১ এপ্রিল উপজেলার ১২টি ইউপির তফসিল ঘোষণা করা হয়। এর দুদিন পর থেকে প্রার্থীরা মনোনয়নপত্র সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করা শুরু করেন। আগামী ২ মে পর্যন্ত মনোনয়নপত্র দাখিল চলবে। নিয়মানুযায়ী চেয়ারম্যান প্রার্থীদের ক্ষেত্রে সোনালী ব্যাংকের ট্রেজারি চালান হিসেবে পাঁচ হাজার টাকা, ইউপি সদস্যদের ক্ষেত্রে এক হাজার ও ভোটার তালিকার সিডি বাবদ ৫০০ টাকা দেওয়ার কথা। কিন্তু চালানের কপি নির্বাচন কার্যালয়ে জমা দিয়ে সিডি নেওয়ার সময় চেয়ারম্যান প্রার্থীদের কাছ থেকে মাথাপিছু পাঁচ হাজার, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্যদের কাছ থেকে দেড় হাজার ও সাধারণ সদস্যদের কাছ থেকে এক হাজার টাকা অতিরিক্ত নেওয়া হচ্ছে।
অভিযোগ অস্বীকার করে উপজেলা নির্বাচন কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, কারও কাছ থেকে কোনো টাকা নেওয়া হচ্ছে না। অনেক প্রার্থী উপজেলা চত্বরের লোকজন দিয়ে ফরম পূরণে হয়তো টাকা দিয়ে থাকতে পারেন। নির্বাচন কার্যালয়ে এসে কর্মচারীদের কোনো প্রার্থী ইচ্ছা করে দু-এক শ টাকা বকশিশও দিয়ে থাকতে পারেন। এর বেশি কিছু ঘটেনি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুর রহমান বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমি অবগত নই।’