কাজীপুরে যমুনা নদীতে তীর রক্ষা বাঁধে ধস ১৫ বাড়ি বিলীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার ঢেকুরিয়ায় যমুনা নদীতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্মাণাধীন স্থায়ী তীর সংরক্ষণ বাঁধের ৫০ মিটার এলাকা ধসে গেছে। গতকাল শনিবার ভোরে এই ধসে বাঁধের পাশে থাকা ১৫টি বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সিরাজগঞ্জ পাউবো ও এলাকাবাসী সূত্র জানায়, গতকাল ভোরের দিকে ঢেকুরিয়া এলাকার যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধের সিসি ব্লক আকস্মিকভাবে দেবে যেতে থাকে। এর কিছুক্ষণের মধ্যে বাঁধসংলগ্ন ১৫টি বাড়িঘর নদীতে বিলীন হয়ে যায়। গৃহকর্তারা সন্তানদের বাঁচাতে গিয়ে ঘরের কোনো জিনিসই রক্ষা করতে পারেননি। ভাঙনের শিকার খলিলুর রহমান বলেন, ‘ভোররাতে নদীতীর সংরক্ষণ বাঁধের ১ নম্বর সাইডের শেষ অংশে ধস নামে। পানিতে সিসি ব্লক দেবে যাওয়ার শব্দ পেয়ে আমরা তাড়াতাড়ি বিছানা থেকে উঠে ছেলেমেয়েদের সরাতে ব্যস্ত হয়ে পড়ি। ওই সামান্য সময়ের মধ্যে ঘরের আর কোনো মালামালই সরানো সম্ভব হয়নি।’ এ ছাড়া ভাঙনের শিকার আবদুল মজিদ, বিষা, আসাদুল, নবীর ও খলিল জানান, ঘর-দরজা, গাছপালা, ঘরে রাখা ধান, পাট, মরিচ, ভুট্টা, কাউনসহ নিত্যব্যবহার্য সব জিনিসই নিমেষে নদীতে বিলীন যায়। কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছাইফুল ইসলাম জানান, ভোরের দিকে আকস্মিকভাবে নির্মাণাধীন বাঁধে ধস নামে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা কোনো মালামালই রক্ষা করতে পারেনি। তবে পরে ধস রোধ করা সম্ভব হয়েছে। সিরাজগঞ্জ পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, উজান থেকে পানি এসে সরাসরি বাঁধে আঘাত হেনে উল্টো দিকে ঘুরে যায়। পানির এই ঘূর্ণিপাকের ফলে বাঁধের তলদেশ থেকে মাটি সরে গিয়ে সিসি ব্লকগুলো ধসে গেছে। বাঁধ লাগোয়া দুটি পুকুর নদীর সঙ্গে যুক্ত হয়েছে। ফলে ধস নামার স্থান বেশি দেখা যাচ্ছে। বাঁধের কাজ চলমান থাকায় সংশ্লিষ্ট ঠিকাদারই ধস মেরামত করে দেবে। ১৫ কোটি টাকা ব্যয়ে এই তীর সংরক্ষণ বাঁধের কাজ চলছে।