কাজীপুরে যমুনার তীর সংরক্ষণ প্রকল্পের বাঁধে ধস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যমুনা নদীর তীর সংরক্ষণ প্রকল্পের সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার ঢেকুরিয়া গ্রাম এলাকায় বাঁধের ১০০ মিটার ধসে গেছে। গত কয়েক দিনে যমুনা নদীতে পানি বাড়ায় এ ঘটনা ঘটেছে। এতে ওই গ্রামের ৫০টি পরিবারের বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বেশ কিছু পরিবার তাদের বসতঘরের মালামাল নিয়ে উঁচু স্থানে আশ্রয় নিয়েছে।পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সিরাজগঞ্জ জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, যমুনা নদীর ভাঙন ঠেকাতে ২০১০-১১ অর্থবছরে ২৮৫ কোটি টাকা ব্যয়ে ধুনটের পুকুরিয়া গ্রাম থেকে কাজীপুরের সিমলা গ্রাম পর্যন্ত নয় কিলোমিটারে তীর সংরক্ষণ প্রকল্পের কাজ করা হয়। কয়েক দিন ধরে যমুনার পানি বাড়ায় তীর সংরক্ষণ প্রকল্পের ঢেকুরিয়া গ্রাম এলাকায় ভাঙন দেখা দিয়েছে। গতকাল সকালে সরেজমিনে দেখা গেছে, ঢেকুরিয়া গ্রামের আবদুল মজিদ, বিষা, আসাদুল, নবী, খলিলসহ প্রায় ৫০টি পরিবারের বসতভিটা ও গাছপালা নদীতে বিলীন হয়ে গেছে। তাঁরা বসতঘরের মালামাল নিয়ে যমুনা নদীর বাঁধ ও বিভিন্ন এলাকায় আশ্রয় নিচ্ছেন। ঢেকুরিয়া গ্রামের আসাদুল বলেন, ‘আমার আর কিছুই থাইকল না। দুইডো ঘরই নদী কাইড়া নিল। কিচু নগত ট্যাহা আচিলো, তাও ছুটকিসসহ ভাইসা গেল। ছলপল নিয়া এহন আমি কনে জামু।’ঢেকুরিয়া গ্রামের বাসিন্দা খলিলুর রহমান জানান, ‘কিছু বুঝে ওঠার আগেই আমগাছসহ গোয়ালঘরের একাংশ নদীগর্ভে চলে যায়। জীবন বাঁচাতে ছোট ছেলেটাকে কোলে নিয়ে ঘর থেকে বেরিয়ে ওয়াপদা বাঁধে উঠে লোকজনকে ডাকতে থাকি। এরই মধ্যে ঘাটে বাঁধা একটি ইঞ্জিনচালিত নৌকা ঘুরপাক খেয়ে ডুবে যায়।’ পাউবোর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম দাবি করেন, যমুনার পানি বাড়ায় নদীতে প্রবল স্রোত দেখা দিয়েছে। এ কারণে নদীর তীর সংরক্ষণ প্রকল্পের প্রায় ৫০ মিটার ধসে গেছে। ধস ঠেকাতে জরুরিভাবে বালুভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করা হচ্ছে।