কাজীপুরে রাস্তা দখল করে হাট
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় সড়কের ওপর কোরবানির পশুর হাট বসানো হয়েছে। এর ফলে ওই সড়কে যানবাহন ও পথচারী চলাচলে বিঘ্ন ঘটছে।
পৌরসভা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ-সোনামুখী সড়কের আলমপুর চৌরাস্তার ওপর গত মঙ্গলবার এ হাটের কার্যক্রম শুরু হয়। তবে গত বুধ ও বৃহস্পতিবার হাট বন্ধ ছিল। গতকাল শুক্রবার থেকে আবার সেখানে পশু বেচা-কেনা শুরু হয়েছে। এতে করে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। এমনকি পথচারীরাও এ এলাকা দিয়ে চলাচলের সময় চরম ভোগান্তিতে পড়ছে।
নাম প্রকাশ করার না শর্তে হাটে উপস্থিত কয়েকজন ব্যক্তি অভিযোগ করেন, পৌরসভার মেয়র নিজে ও তাঁর দলের কয়েকজন মিলে ব্যস্ততম এ সড়কের ওপর হাট বসিয়েছেন। তাঁরা ব্যক্তিগতভাবে এ হাট থেকে লাভবান হচ্ছেন।
কাজীপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নিজাম উদ্দীন বলেন, ‘স্থানীয় লোকজনের কেনাকাটার সুবিধার জন্য অস্থায়ী ভিত্তিতে এই হাট বসানো হয়েছে। তবে যানবাহনের চলাচলে কোনো ব্যাঘাত যাতে না ঘটে, সে দিকে আমরা নজর রাখছি। আরও দু-এক দিন চলার পর হাট বন্ধ করে দেওয়া হবে।’
কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমিত কুমার কুন্ডু বলেন, ওই স্থানে হাট বসানোর বিষয়ে তাঁদের কাছে কেউ অভিযোগ করেনি। বিষয়টি খোঁজখবর করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।