কাজীপুরে সংঘর্ষে আহত ৫, উল্লাপাড়ায় প্রার্থী অবরুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের কাজীপুরে দুই মেয়র প্রার্থীর কর্মী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এদিকে উল্লাপাড়ায় বিএনপি-সমর্থিত এক মেয়র প্রার্থীকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা আটকে রাখেন।
থানা-পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিএনপি থেকে সম্প্রতি পদত্যাগকারী স্বতন্ত্র প্রার্থী আবদুস সালামের কর্মী-সমর্থকেরা আওয়ামী লীগ-মনোনীত প্রার্থী হাজি নিজাম উদ্দিনের বাড়ি বেরীপোটল এলাকায় ভোট চাইতে যান। এ সময় নিজাম উদ্দিনের কর্মী-সমর্থকেরা তাঁদের বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের পাঁচজন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে আবদুস সালামের দুই কর্মী আবদুস সাত্তার ও সোহেল রানাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে আওয়ামী লীগের হাজি নিজাম উদ্দিন বলেন, ‘পূর্বপরিকল্পিতভাবে আবদুস সালাম তাঁর লোকজন দিয়ে আমার কর্মীদের ওপর হামলা চালিয়েছেন। তিনি একটি ঘটনা ঘটিয়ে নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছেন। সংঘর্ষে আমার এক কর্মী আহত হয়েছে।’
অপরদিকে আবদুস সালাম অভিযোগ করেন, ‘নারকেলগাছ প্রতীকের জোয়ার দেখে ভীত হয়ে হাজি নিজাম উদ্দিনের কর্মী-সমর্থকেরা আমার কর্মী-সমর্থকদের প্রচারণায় বাধা দেন। এরপর আমার কর্মীর ওপর হামলা চালান। এতে আমার চার কর্মী আহত হয়। এদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
অপরদিকে উল্লাপাড়ায় বিএনপি-মনোনীত মেয়র প্রার্থী বেলাল হোসেন অভিযোগ করেন, ‘গতকাল বিকেলে চিকিৎসার জন্য শ্যামলী পাড়ার একটি ক্লিনিকে গেলে সেখানে আওয়ামী লীগের নেতা-কর্মীরা আমাকে আটকে রাখেন। প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ থাকার পর আমি রিটার্নিং কর্মকর্তার কাছে ফোন করলে তিনি ম্যাজিস্ট্রেট ও পুলিশ পাঠিয়ে আমাকে উদ্ধার করেন। এ সময় আমার মোটরসাইকেলটি ভাঙচুর করা হয়।’
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌশিক আহমেদ বলেন, ‘ওই ক্লিনিকটি জামায়াত-সমর্থকদের। সেখানে বিএনপির প্রার্থী জামায়াতের কর্মীদের সঙ্গে সভা করছেন—এমন অভিযোগের ভিত্তিতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁকে ঘেরাও করেন।