সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় দলসমর্থিত প্রার্থীকে নিয়ে আওয়ামী লীগে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে। একজন মন্ত্রী বর্তমান চেয়ারম্যানকে দলসমর্থিত প্রার্থী ঘোষণা করলেও আরেকজন প্রার্থী রয়েছেন। তবে একজন প্রার্থী থাকায় বিএনপি সুবিধাজনক অবস্থায় রয়েছে।
১৯ ফেব্রুয়ারির নির্বাচনে সিরাজগঞ্জের সদর, কাজীপুর, রায়গঞ্জ ও উল্লাপাড়ায় দুই দল থেকেই একাধিক প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। পরে সব উপজেলায় বিএনপি একক প্রার্থী নিশ্চিত করতে সক্ষম হয়। কিন্তু আওয়ামী লীগ তিনটিতে পারলেও কাজীপুরে পারেনি। এখানে দলের তৃণমূল নেতারা এক সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমানকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে সমর্থন দেন। একজন মন্ত্রী প্রথমে বর্তমান ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলামকে এবং পরে মোজামেঞ্চল হক সরকারকে প্রার্থী ঘোষণা দেন। আর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবুল কালাম আজাদও মনোনয়নপত্র জমা দেন।
তেকানী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি সদস্য মোক্তাল হোসেন বলেন, নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকে দলসমর্থিত প্রার্থীর পক্ষে মাঠে নামছেন না।
আবুল কালাম আজাদ বলেন, ‘দল থেকে যাঁকে প্রার্থী হিসেবে সমর্থন দেওয়া হয়েছে, তিনি একজন প্রভাবশালী মন্ত্রীর আশীর্বাদপুষ্ট। তাই ওই প্রার্থী ও তাঁর লোকজন পুলিশ দিয়ে আমার সমর্থকদের হয়রানি করছেন। আমার পোস্টার ছিঁড়ে ফেলছেন।’ তিনি আরও বলেন, সুষুম ভোট অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনের আগে এলাকায় যৌথ বাহিনী ও ম্যাজিস্ট্রেট নিয়োগে রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করেছেন।
মোজামেঞ্চল হক অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার বিজয় নিশ্চিত জেনে বিদ্রোহী প্রার্থী অপপ্রচার চালাচ্ছেন।’ নেতা-কর্মীরা তাঁর সঙ্গে আছেন বলে দাবি করেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম আলী আযম বলেন, কাজীপুর থেকে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের কাছ থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তা ছাড়া নির্বাচনের আগে র্যাব, সেনা ও ম্যাজিস্ট্রেট নিয়োগেরও আবেদন করেছেন তিনি। বিষয়টি ঊর্ধ্বতন মহলকে জানানো হয়েছে।