কাজীপুরের একটি বাজারে সহিংসতা এড়াতে ১৪৪ ধারা
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের হরিনাথপুর বাজারে ১৪৪ ধারা জারি করা হয়েছে। জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় উপজেলা প্রশাসন গত সোমবার রাত নয়টা থেকে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে।উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে কাজীপুর থানার পুলিশ সোমবার রাতেই হরিনাথপুর বাজার এলাকায় মাইকিং করে ১৪৪ ধারা জারি করে।কাজীপুর থানা সূত্রে জানা গেছে, হরিনাথপুর বাজারের একটি বিবদমান জমি দখলকে কেন্দ্র করে হরিনাথপুর গ্রামের সাইফুল ইসলাম ও আবদুর রাজ্জাক খন্দকারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ওই জমি দখলে নেওয়ার জন্য দুই পক্ষের সমর্থকেরা কয়েক দিন ধরে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছিল। সংঘর্ষ বেধে যাওয়ার আশঙ্কা দেখা দিলে সহিংস ঘটনা এড়াতে থানার পুলিশ ১৪৪ ধারা জারি করার জন্য কাজীপুরের ইউএনওর কাছে আবেদন করে। ইউএনও বাজার এলাকায় সোমবার রাত নয়টা থেকে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করার নির্দেশ দেন। কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, ১৪৪ ধারা চলাকালীন বাজারে স্বাভাবিক অবস্থা বজায় থাকবে। সব ধরনের যানবাহন চলাচল করবে।