কাজীরবাজার সেতুর নির্মাণজট খুলছে
সিলেট নগরের যানজট নিয়ন্ত্রণে আনতে সুরমা নদীর ওপর চতুর্থ সেতু হিসেবে কাজীরবাজার এলাকায় শুরু হয়েছিল সেতু নির্মাণের কাজ। টানা প্রায় ১০ বছর ধরে চলছে কাজ। সেতুর নির্মাণকাজের এই দীর্ঘসূত্রতা অবশেষে ঘুচতে চলেছে। চলতি বছরের জুনে সেতুর নির্মাণকাজ পুরোপুরি শেষ হবে এবং জুন মাসেই উদ্বোধন করা হবে।
গতকাল বুধবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সেতুর সর্বশেষ পর্যায়ের নির্মাণকাজ পরিদর্শন করে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। কাজীরবাজার সেতু প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। একই সময়ে সুনামগঞ্জে সুরমা নদীর ওপর নির্মাণাধীন সেতুও উদ্বোধন করে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে মন্ত্রী জানান।
সড়ক ও জনপথের (সওজ) প্রকৌশল বিভাগ সূত্র জানায়, কাজীরবাজার এলাকায় নির্মাণাধীন সেতু সুরমা নদীর ওপর চতুর্থ সেতু। ২০০৫ সালের ২৪ ডিসেম্বর চারদলীয় জোট সরকারের আমলে তৎকালীন অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। চার লেনবিশিষ্ট এ সেতুর দৈর্ঘ্য তখন ৩৬৬ মিটার ও প্রস্থ ১৮ দশমিক ৯০ মিটার নির্ধারণ করে ব্যয় ধরা হয়েছিল ৪৪ কোটি ৬৪ লাখ টাকা।
চারদলীয় জোট সরকারের পর তিন দফা সরকার পরিবর্তনের সঙ্গে সেতুর নির্মাণকাজও পরিবর্তিত হয়। সেতুর দৈর্ঘ্য বাড়াতে গিয়ে ত্রুটি ধরা পড়ায় বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে সেতুর নির্মাণকাজ বন্ধ থাকে। ২০০৯ সালে মহাজোট সরকার ক্ষমতাসীন হওয়ার পর সেতুর আদল পরিবর্তন করে আবার নির্মাণকাজ শুরু হয়। দৈর্ঘ্য বাড়িয়ে ৩৯১ মিটার করে সেতু নির্মাণে বর্তমানে ব্যয় হচ্ছে ১২৪ কোটি টাকা।
গতকাল সেতু পরিদর্শন করে ওবায়দুল কাদের বলেন, সেতুর অবকাঠামো নির্মাণকাজ শেষ হয়ে গেছে। বিদ্যুতায়নসহ আরও কিছু কাজ বাকি আছে, যা আগামী জুন মাসের প্রথম সপ্তাহেই সম্পন্ন হয়ে যাবে। বৃহত্তর সিলেটবাসীর বহুল প্রত্যাশিত এ সেতু হবে যুগান্তকারী এক উন্নয়ন পদক্ষেপ।
সুরমা নদীর ওপর নতুন দুই সেতুর নামকরণ আওয়ামী লীগের প্রয়াত দুই প্রবীণ নেতার নামে করার দাবি ওঠে। সিলেটে প্রয়াত দেওয়ান ফরিদ গাজী ও সুনামগঞ্জে আবদুস সামাদ আজাদের নামে সেতুর নামকরণের দাবি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এ বিষয়টি স্থানীয়ভাবে নেওয়া হবে। সংশ্লিষ্ট জেলার উন্নয়ন সমন্বয় কমিটি নামকরণ প্রস্তাব করলে পরে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
নামকরণ বিষয়ে পদ্মা সেতু প্রসঙ্গ তুলে ধরে মন্ত্রী বলেন, পদ্মা সেতু নিয়ে এত কিছু হয়েছে। ওই সেতুর নামকরণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার মায়ের নামে করার প্রস্তাব ছিল। কিন্তু প্রধানমন্ত্রী সরাসরি বলে দিয়েছিলেন, পদ্মা নামেই হবে সেতু।