কাজে অবহেলায় কেউ ছাড় পাবে না: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মান বজায় রেখে যথাসময়ে সব উন্নয়নকাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, কাজে অবহেলার জন্য দায়ী ব্যক্তিদের কাউকে ছাড় দেওয়া হবে না।
আজ রোববার বিকেলে চট্টগ্রামে ‘শেখ হাসিনা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট’ উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। শেখ হাসিনা ফলক উন্মোচনের মাধ্যমে দৈনিক নয় কোটি লিটার পানি সরবরাহে ক্ষমতাসম্পন্ন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটির উদ্বোধন করেন। খবর বাসসের।
শেখ হাসিনা বলেন, কাজের দায়িত্বপ্রাপ্ত যিনিই হোন, মান বজায় রেখে নির্ধারিত সময় অবশ্যই কাজ শেষ করতে হবে...এ ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না।
চট্টগ্রাম ওয়াটার সাপ্লাই অ্যান্ড সুয়ারেজ অথোরিটি (সিডব্লিউএএসএ) ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এ কে এম ফজলুল্লাহ বাসসকে বলেন, ১৯৮৮ সালের পরে চট্টগ্রামে কোনো প্রধানমন্ত্রীর মাধ্যমে এটিই এ ধরনের কোনো ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের উদ্বোধন। চট্টগ্রাম ওয়াসা নগরবাসীর চাহিদা পূরণে ২০০৬ সালে এই প্রকল্প গ্রহণ করে। জাপান ইন্টারন্যাশনাল এজেন্সি (জাইকা) অর্থায়নে ২০১০ সালে প্রকল্প কাজ শুরু হয় এবং গত নভেম্বরে দৈনিক ৯ কোটি ৩৩ লাখ লিটার পানি সরবরাহে সক্ষম এই প্ল্যান্টটির উৎপাদন কার্যক্রম শুরু হয়।
আরও পড়ুন:
নৌবাহিনীতে যুক্ত হলো প্রথম সাবমেরিন