কাজে আসছে না দুটি সেতু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেড় বছর আগে সাত কোটি টাকা ব্যয়ে নাটোরের লালপুর উপজেলায় দুটি সেতুর নির্মাণকাজ শেষ হয়। কিন্তু সংযোগ সড়ক না থাকায় তা কোনো কাজে আসছে না বলে জানিয়েছেন এলাকাবাসী।
তবে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ জানিয়েছে, প্রকল্পে সংযোগ সড়কের জন্য জমি অধিগ্রহণের বিষয়টি অন্তর্ভুক্ত না থাকায় এ সমস্যার সৃষ্টি হয়েছে।
নাটোরের সওজ কার্যালয় সূত্রে জানা গেছে, নাটোর-লালপুর সড়কের ভুইয়াপাড়া এলাকায় খলসিডাঙ্গা নদীর ওপর তিন কোটি টাকা ব্যয়ে ৩৬ দশমিক ৬ মিটার লম্বা সেতু নির্মাণ করা হয়। কার্যাদেশ অনুসারে ২০১৩ সালের জুনে সেতুর নির্মাণকাজ শেষ হয়। কিন্তু সেতুর দক্ষিণ প্রান্তে সংযোগ সড়ক না থাকায় তা যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া যাচ্ছে না। দক্ষিণ প্রান্তে সেতুসংলগ্ন জমিটি ব্যক্তিমালিকানাধীন হওয়ায় সেখানে সংযোগ সড়ক নির্মাণ করা যাচ্ছে না। সড়ক নির্মাণ প্রকল্পে ওই জমি অধিগ্রহণনের বিষয়টি না থাকায় জটিলতার সৃষ্টি হয়েছে।
এ ছাড়া নাটোর-পাবনা মহাসড়কের সঙ্গে সংযোগ রক্ষাকারী লালপুরের কদিমচিলান এলাকায় একই নদীর ওপর চার কোটি টাকা ব্যয়ে ৪২ দশমিক ৬ মিটার লম্বা আরও একটি সেতু নির্মাণ করা হয়। ২০১৩ সালের জুনে এই সেতুরও নির্মাণকাজ শেষ হয়। উভয় পাশে সংযোগ সড়ক না থাকায় এ সেতুটিও যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া সম্ভব হয়নি।
৬ ডিসেম্বর সকালে ভুইয়াপাড়া সেতু এলাকায় গিয়ে দেখা যায়, ঠিকাদারের লোকজন উত্তর প্রান্তের সড়কে খোয়া বিছানোর কাজ করছেন। সেতুর ওপর দিয়ে দক্ষিণ প্রান্তে গিয়ে দেখা যায়, সেখানে কোনো সংযোগ সড়ক নেই।
সেতুর ঠিকাদার আশফাকুল ইসলাম জানান, প্রকল্পে ভুল করে জমি অধিগ্রহণের বিষয়টি রাখা হয়নি। এ কারণে সংযোগ সড়ক নির্মাণ করতে পারছি না। দেড় বছর ধরে জমির মালিককে টাকার বিনিময়ে জমিটি ছেড়ে দেওয়ার অনুরোধ করেছি; কিন্তু তাতে তিনি রাজি হননি।’
একই দিন দুপুরে কদিমচিলান সেতু এলাকায় গিয়ে দেখা যায়, সেতুটির দুই প্রান্তেই সংযোগ সড়ক নেই। শুধু নদীর ওপর সেতুটি দাঁড়িয়ে আছে। এ সময় সেতুর উত্তর প্রান্তে দাঁড়িয়ে এলাকার ব্যবসায়ী আবদুল খালেকের সঙ্গে কথা হয়। তিনি বিরক্ত হয়ে বলেন, ‘সেতু করার আগে ইঞ্জিনিয়াররা এই ব্যাপারটা (সংযোগ সড়ক) কেন দেখেননি? তাঁদের কী একবারও হুঁশ হয়নি যে শুধু সেতু করে এখানে লাভ হবে না!’
নাটোর সড়ক ও সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী জিকরুল ইসলাম বলেন, ‘এখানে যোগদান করার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। নতুন করে প্রকল্প পাঠিয়েছি। জমি অধিগ্রহণের জন্য ৩১ লাখ টাকা চাওয়া হয়েছে। জমি পেলেই কাজ শুরু করা হবে।’