কাজে আসছে না মালিটোলা পার্ক

পুরান ঢাকার মালিটোলা পার্ক খুঁজতে গেলে এখন সেখানে পাওয়া যাবে নিচু দেয়ালঘেরা, আবর্জনায় ভরা দুই খণ্ড জমি। কাগজে-কলমে এটাই মালিটোলা পার্ক। পার্কের চারপাশ ঘিরে গড়ে উঠেছে ট্রাকস্ট্যান্ড। এলাকাবাসী বলছেন, পার্কটি তাঁদের কোনো কাজে আসছে না।
রায় সাহেব বাজার মোড় থেকে তাঁতীবাজার মোড় পর্যন্ত বাঁ পাশের রাস্তার অর্ধেক অংশজুড়েই মালিটোলা পার্ক। এই সড়কটির মাঝামাঝি চিত্রামহল সিনেমা হলের সামনে চলাচলের রাস্তার জন্য কিছুটা অংশ ফাঁকা রাখা হয়েছে। তাই দুটি অংশ এই পার্কের। সবুজ ঘাস, গাছপালা বা বিশ্রামের জায়গা—মালিটোলা পার্কে এসবের কিছুই নেই। গতকাল দেখা যায়, কোমর সমান উঁচু দেয়ালঘেরা পার্কের এক অংশে বস্তার স্তূপ। অন্য অংশটিতে প্লাস্টিকের মোটা পাইপ আর রাবারের পাইপের কুণ্ডলী। দুই অংশেই নানা ময়লা-আবর্জনা ফেলে রাখা হয়েছে। পার্কের জমিও সমতল নয়; জায়গায় জায়গায় উঁচু-নিচু। সীমানাদেয়াল ঘেঁষে কিছু গাছ আছে। তবে এর অনেকগুলোই মরে গেছে। পার্কের চারপাশ ঘিরে গড়ে উঠেছে ট্রাক, পিকআপ আর কাভার্ড ভ্যানের স্ট্যান্ড। সারিবদ্ধ গাড়িগুলোর কারণে বাইরে থেকে পার্কটি ঠিক চোখে পড়ে না। এলাকাবাসী বলেন, আগে ট্রাকস্ট্যান্ড ছিল পার্কের ভেতরে। মাস ছয়েক আগে কাউন্সিলর স্ট্যান্ড সরিয়ে দেয়াল তুলে দিয়েছেন।
মালিটোলার বাসিন্দা মো. কবির হোসেন বললেন, আগে ট্রাকস্ট্যান্ড ভেতরে ছিল, এখন বাইরে এসেছে। তবে পার্ক ব্যবহারের সুযোগ যেমন আগে ছিল না, এখনো নেই। উল্টো ট্রাকগুলো রাস্তায় চলে আসায় যানজট বেড়েছে। পার্কের অবস্থা নিয়ে প্রশ্ন করা হলে ওয়ার্ড কাউন্সিলর মো. আবু সাইদ বলেন, ‘প্রতিদিন তো দেখা সম্ভব হয় না। তাই অনেকে ময়লা ফেলে।