কাজে আসছে না সংকেতবাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের মোড়গুলোতে সংকেতবাতি থাকলেও এগুলো ব্যবহৃত হচ্ছে না। শহরের জিইসি মোড়ে গতানুগতিক নিয়মে ট্রাফিক পুলিশের হাতের ইশারাতেই যান চলাচল করে। বহদ্দারহাট মোড়ে কিছু সংকেতবাতি ভাঙা, কয়েকটি জ্বলেই না (ডানে) l ছবি: প্রথম আলো
চট্টগ্রাম নগরের মোড়গুলোতে সংকেতবাতি থাকলেও এগুলো ব্যবহৃত হচ্ছে না। শহরের জিইসি মোড়ে গতানুগতিক নিয়মে ট্রাফিক পুলিশের হাতের ইশারাতেই যান চলাচল করে। বহদ্দারহাট মোড়ে কিছু সংকেতবাতি ভাঙা, কয়েকটি জ্বলেই না (ডানে) l ছবি: প্রথম আলো

বছর দুই আগে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম নগরজুড়ে ট্রাফিক সংকেতবাতি লাগানো হয়। দীর্ঘদিনেও সেই সংকেতবাতির কোনো ব্যবহার নেই। যান চলাচল করে ট্রাফিক পুলিশের হাতের ইশারায়।
নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে সংকেতবাতির খুঁটিগুলো জরাজীর্ণ হয়ে পড়েছে। অনেক খঁুটিতে বক্স থাকলেও বাতি নেই। বাতি ভেঙে খুঁটিতে ঝুলতে দেখা গেল কোথাও কোথাও।
ট্রাফিক-ব্যবস্থার করুণ এই হালের জন্য নগর পুলিশ ও সিটি করপোরেশন একে অন্যকে দুষছে। পুলিশ বলছে, তাঁদের সঙ্গে আলাপ না করে এসব বাতি লাগানো হয়েছিল। এখন ব্যবহার করা যাচ্ছে না। আর সিটি করপোরেশন বলছে, ট্রাফিক পুলিশ যদি এগুলো ব্যবহার না করে, তাহলে তাদের কিছু করার নেই।
১৯ ডিসেম্বর বেলা ১১টায় চট্টগ্রাম নগরের দুই নম্বর গেট এলাকায় গিয়ে দেখা গেল, ট্রাফিক সিগন্যালে লালবাতি জ্বলছে। নিয়ম অনুযায়ী যান চলাচল বন্ধ থাকার কথা। কিন্তু সে সংকেত উপেক্ষা করে চলছে গাড়ি। ট্রাফিক পুলিশের হাতের ইশারায় নিয়ন্ত্রিত হচ্ছে যান চলাচল। নগরজুড়ে এই দৃশ্য এখন নিয়মিত।
চট্টগ্রাম সিটি করপোরেশন সূত্র জানায়, ‘বাণিজ্যিক অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের আওতায় প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে নগরের ২৫টি মোড়ে সংকেতবাতির আধুনিকায়ন করা হয়। এর মধ্যে নগরের ১০টি মোড়ে চীন থেকে আমদানি করা বিদ্যুৎসাশ্রয়ী স্বয়ংক্রিয় এলইডি (লাইট ইমিটিং ডায়োড) বাতি স্থাপন করা হয়েছে। এর মধ্যে চারটি মোড়ে দিকচিহ্ন, পথচারী পারাপার ও সময় গণনার ব্যবস্থা রাখা হয়েছিল। এ ছাড়া একই প্রকল্পের অধীনে নগরের ১৫টি মোড়ে হ্যালোজেন বাতি লাগানো হয়। ২০১২ সালের মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত এসব বাতি স্থাপন করা হয়।
নগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক) মাসুদুল হাসান বলেছেন, ‘ট্রাফিক বাতিগুলোর যেভাবে সময় নির্ধারণ করা হয়েছে, তা নিয়ে সমস্যা রয়েছে। নগরের ট্রাফিক ব্যবস্থা তো পুলিশই নিয়ন্ত্রণ করে। তাই এসব বাতি স্থাপনের আগে সিটি করপোরেশন আমাদের সঙ্গে আলাপ-আলোচনা করলে ভালো হতো। এখন সমন্বয়হীনতার কারণে এসব বাতি ব্যবহার হচ্ছে না।’
তবে সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (বিদ্যুৎ) মো. মাহফজুল হক বলেন, ‘পুলিশের ট্রাফিক বিভাগ যদি এগুলো ব্যবহার না করে, তাহলে আমাদের কী করার আছে? সংকেতবাতি থাকা সত্ত্বেও তারা যান চলাচল নিয়ন্ত্রণ করছে ম্যানুয়াল পদ্ধতিতে। এসব বাতি ব্যবহারে তারা যেভাবে পরামর্শ দেবে, আমরা সেভাবে করব।’
সিটি করপোরেশন সূত্র জানায়, নগরে প্রথমবারের মতো সংকেতবাতি স্থাপন করা হয়েছিল ১৯৮৯ সালে। ওই সময় নগরের ৩৯টি মোড়ে হ্যালোজেন বাতি লাগায় সিটি করপোরেশন। সিটি করপোরেশন ও নগর পুলিশ যৌথভাবে এসব সংকেতবাতির মাধ্যমে নগরের ট্রাফিক-ব্যবস্থা নিয়ন্ত্রণ করত।
গত বৃহস্পতি ও শুক্রবার সরেজমিনে দেখা যায়, নগরের বহদ্দারহাট মোড়ের মদিনা রেস্তোরাঁর সামনে অবস্থিত সংকতেবাতিগুলো ভেঙে খুঁটিতে ঝুলছে। আবার খুঁটি ঢেকে গেছে ব্যানার-ফেস্টুনে। একই মোড়ের পুলিশ বক্সের সামনের বাতিগুলোর ঢাকনা ভেঙে পড়েছে। বহদ্দারহাটের সড়ক বিভাজকের ওপর থাকা পথচারীদের পারাপারের দিকচিহ্ন দেওয়া বাতিগুলো জ্বলে না।
প্রায় একই অবস্থা জিইসি মোড়, ওয়াসা মোড়, কাজীর দেউড়ি মোড়, লালখান বাজার মোড়, গোল পাহাড় মোড়, মুরাদপুর মোড়, প্রবর্তক মোড়, আন্দরকিল্লা মোড়ের। এদিকে নগরের চট্টেশ্বরী মোড়ের সংকেতবাতির বক্স থাকলেও বাতি নেই।
কাজীর দেউড়ি মোড়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশের সদস্য মোজাম্মেল গত বৃহস্পতিবার দুপুরে প্রথম আলোকে জানান, সংকেতবাতিগুলোয় সমস্যা রয়েছে। এক পাশে জ্বলে তো অন্য পাশে জ্বলে না। সংকেতবাতি অনুযায়ী গাড়ি চললে পুরো সড়কে যানজট সৃষ্টি হবে। তাই হাত দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করতে হচ্ছে।
প্রকৌশলী মাহফজুল হক প্রথম আলোকে জানান, তহবিল-সংকটের কারণে নষ্ট হয়ে যাওয়া সংকেতবাতি ও খুঁটিগুলো সংস্কার করা সম্ভব হচ্ছে না। কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এগুলো ঠিক করা হবে। আর বহদ্দারহাট মোড় এলাকার সংকেতবাতিগুলো চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন।