কাজে আসছে না ২৬ কোটি টাকার সেতু
বান্দরবানে প্রায় ২৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত রুমা সাঙ্গু সেতু কোনো কাজে আসছে না। আর্থিক সংকটের কারণে চার কিলোমিটার সংযুক্ত সড়কের নির্মাণকাজ না হওয়ায় এক বছর আগে উদ্বোধন করা সেতুটি পড়ে আছে।
সেতু থেকে রুমা বাজার হয়ে থানা চার কিলোমিটার সড়ক। এর মধ্যে রুমা বাজার পর্যন্ত তিন কিলোমিটার। চার কিলোমিটার সড়ক নির্মিত হলে উপজেলাবাসী ওই সেতুর সুবিধা পাবেন।
সড়কটি নির্মাণে নিয়োজিত সেনাবাহিনীর ১৯ প্রকৌশল নির্মাণ ব্যাটালিয়নের (ইসিবি) কর্মকর্তারা কাজ বন্ধ থাকার কথা নিশ্চিত করে বুধবার জানান, ১ ফেব্রুয়ারি যোগাযোগমন্ত্রী বান্দরবানে এলে প্রকল্পের প্রাধিকারে এটি তুলে ধরা হবে। দ্রুত অর্থ বরাদ্দ পাওয়া গেলে আগামী জুন নাগাদ অন্তত রুমা বাজার পর্যন্ত সড়কের নির্মাণকাজ শেষ করা সম্ভব হবে।
রুমা বাজারের ব্যবসায়ী জসীম উদ্দিন জানান, ২০১২ সালে সেতুর নির্মাণ শেষ হওয়ার পর থেকে সেনাবাহিনী সড়কের নির্মাণকাজ শুরু করে। তারা কাজটি দ্রুত শেষ করার জন্য সড়কের ইট তুলে ফেলেছে এবং পুরোনো কালভার্ট ও ছোট সেতুগুলো ভেঙে নতুন কাঠামোর কাজ শুরু করেছে। কিন্তু সড়ক ও সেতু-কালভার্টগুলোর নির্মাণকাজ অর্ধেক সম্পন্ন হওয়ার পর কাজ বন্ধ হয়ে যায়। এতে সড়কের অবস্থা আগের চেয়েও খারাপ হয়ে পড়েছে।
রুমা উপজেলা পরিষদের চেয়ারম্যান অংথোয়াইচিং মারমা জানান, প্রায় দুই দশক ধরে রুমা উপজেলাবাসীর প্রাণের দাবি রুমা সাঙ্গু সেতু ২০১২ সালের ১৭ নভেম্বর প্রধানমন্ত্রী উদ্বোধন করেন। উদ্বোধনের পর থেকে এটি অকেজো হয়ে পড়ে আছে। এতে মানুষের ভোগান্তি দিন দিন বাড়ছে। তারা এখনো সেতুর গোড়া পর্যন্ত হেঁটে চলাচল করছে। মাথায় ও কাঁধে নিয়ে মালামাল পরিবহন করছে।
বান্দরবান ৬৯ পদাতিক ব্রিগেডের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ সিদ্দিকী ও ১৯ ইসিবির অধিনায়ক লে. কর্নেল জামিউল ইসলাম জানান, সংশোধিত প্রকল্পের অনুমোদন ও আর্থিক বরাদ্দের দেরির কারণে কাজের কিছুটা ধীরগতি হয়েছে। তবে অর্থ বরাদ্দের জন্য তাঁরা চেষ্টা চালাচ্ছেন।