কাজে আসছে না ৩২টি কালভার্ট
ঢাকা-সিলেট মহাসড়কের কিশোরগঞ্জের ভৈরব থেকে নরসিংদী জেলার শেষ প্রান্ত পর্যন্ত ৫০ কিলোমিটারে ৫৮টি কালভার্ট আছে। এর মধ্যে অন্তত ৩২টি কালভার্ট বন্ধ হয়ে গেছে। এতে মহাসড়কের এক পাশের খাল-বিল পানিশূন্য হয়ে পড়ছে। অপর পাশের পানিনিষ্কাশনে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
নরসিংদী সদর উপজেলার বাগহাটা গ্রামের কৃষক ইসমাইল মিয়া (৫৫) বলেন, নরসিংদী অঞ্চলে মূলত সবজির আবাদ হয়। মহাসড়কের দুই পাশেই কৃষিজমি। কালভার্টগুলো দিয়ে যখন পানি চলাচল করত, তখন সারা বছর দুই ধারের নিচু এলাকা ও খাল-বিলে পানি থাকত। এ পানি দিয়ে সেচ দেওয়া হতো। কালভার্ট বন্ধ হয়ে যাওয়ায় পানি চলাচলও বন্ধ হয়ে গেছে। এখন সেচের জন্য মেশিন (যন্ত্র) ছাড়া বিকল্প নেই। এতে কৃষকদের উৎপাদন খরচ বেড়ে গেছে।
এ মহাসড়কের ভৈরব থেকে নরসিংদী জেলা পর্যন্ত দূরত্ব প্রায় ৫০ কিলোমিটার। এর মধ্যে দুই কিলোমিটার ভৈরব প্রান্তে পড়েছে। বাকি ৪৮ কিলোমিটার পড়েছে নরসিংদী জেলায়। পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ মহাসড়কের ৫০ কিলোমিটারে ৫৮টি কালভার্ট ও ছয়টি সেতু নির্মাণ করে।
সরেজমিনে দেখা গেছে, ভৈরব প্রান্তে একটি কালভার্ট আছে। পৌর শহরের লক্ষ্মীপুর মহল্লায় স্থানীয়রা মাটি ভরাট করায় কালভার্টটি দিয়ে পানিনিষ্কাশন হচ্ছে না। ভৈরব সড়ক উপবিভাগের সহকারী প্রকৌশলী জাহিদ হোসেন বলেন, কালভার্ট লাগোয়া জায়গা অধিগ্রহণ করা না থাকায় মানুষ প্রয়োজনে বসতি গড়ে তুলছে। সে কারণে আইনগত ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।
নরসিংদী সদর উপজেলার ৬৯ নম্বর চৈতাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে একটি ও রিপন ইঞ্জিনিয়ারিং নামে একটি ওয়ার্কশপের সামনে আরেকটি কালভার্ট পুরোপুরি বন্ধ হয়ে গেছে। দুটি কালভার্টের এক পাশে ভবন নির্মাণ করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। স্থানীয় রোদেলা হেয়ার কাটিংয়ের নরসুন্দর কৃষ্ণ শীল বলেন, আগে কালভার্টের দুই ধারে পানি ছিল। পাম্প বসিয়ে সেচের পানি তোলা হতো। কয়েক বছর আগে থেকে যে যার মতো দুই পাশে বাড়িঘর নির্মাণ করতে শুরু করে।
শিলমান্দি ৩২ কানি এলাকার কালভার্টটি ভরাট করে সাইনবোর্ড টানিয়ে রেখেছেন ফরিদ উদ্দিন নামে এক ব্যক্তি। একই এলাকায় আরেকটি কালভার্টের দুই পাশে ইটের প্রাচীর নির্মাণ করে বন্ধ করে ফেলা হয়েছে। দোকানি মাসুদ মিয়া বলেন, মামুন মিয়া নামে এক ব্যক্তি ডাইং কারখানা করার পর কালভার্টটি বন্ধ হয়ে যায়।
বাগহাটা এলাকায় ভবন ও দোকান নির্মাণ করায় বন্ধ হয়ে যায় একটি কালভার্ট। ছয়টি দোকান নির্মাণ করায় কালভার্টটির চিহ্ন খুঁজে পাওয়া কঠিন। কালভার্ট বন্ধ করা দোকানি রহমত উল্লাহর দাবি, আগে প্রয়োজন থাকলেও এখন কালভার্টের প্রয়োজন নেই। একই এলাকায় নিট কম্পোজিট নামে একটি কারখানা নির্মাণ করায় বন্ধ হয়ে যায় আরেকটি কালভার্ট।
সাহেপ্রতাব এলাকায় সরকার মার্কেট নামে কিছু টিনের ঘর তৈরি করায় একটি কালভার্ট দিয়ে আর পানিনিষ্কাশন হচ্ছে না। স্থানীয়রা জানান, কালভার্টগুলো বন্ধ হয়ে যাওয়ায় অনেক সময় জলাবদ্ধতার সৃষ্টি হয়।
মাটি ভরাট করে চৌয়ালা মোল্লা ফিলিং স্টেশনের কাছে দুটি কালভার্ট বন্ধ করে দেওয়া হয়েছে। বাসাইল এলাকায় ‘জনপ্রিয়’ হোটেলের কাছে একটি কালভার্ট বন্ধ করে ফেলা হচ্ছে। স্থানীয়রা জানান, অহিদ সরকার নামে এক ব্যক্তি ভরাটকাজ করছেন।
নরসিংদী কারাগার এলাকার কালভার্টটির সামান্য চিহ্ন অবশিষ্ট আছে।
ভেলানগর এলাকায় একটি, সুলতান ফিলিং স্টেশনের কাছে একটি, কারারচর এলাকায় তিনটি, সৈয়দনগর এলাকায় একটি, পুটিয়া বাজারের কাছে একটি, মুনসেফেরচর এলাকায় একটি, ইটাখোলা বাসস্ট্যান্ড চত্বরের কাছে একটি, কুন্দারপাড়ায় দুটি, শ্রীফুলিয়ায় একটি, মরজাল এলাকায় দুটি, কাটাঘাট এলাকায় একটি, দড়িকান্দি এলাকায় একটি, নারায়ণপুর বাসস্ট্যান্ডের কাছে একটি, নীলকুঠি এলাকায় দুটি এবং মাহমুদাবাদ এলাকায় একটি কালভার্ট বন্ধ হয়ে আছে।
স্থানীয়দের ভাষ্যমতে, নরসিংদী অঞ্চলের খাল-বিলের স্বাভাবিক প্রবাহ ও সবজি অঞ্চলের সহজ সেচসুবিধার স্বার্থে কালভার্টগুলো চালু করার বিকল্প নেই।
জানতে চাইলে নরসিংদী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, কালভার্টগুলো ঠিকই আছে, কেবল মানুষ তাঁর জায়গায় স্থাপনা নির্মাণ করছেন। সমস্যাটা এখানেই। তবে তিনি বলেন, ঢাকা-সিলেট মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্প অনুমোদন হয়ে গেছে। নতুন করে সম্প্রসারণ কাজ শুরু হলে বন্ধ হয়ে পড়া কালভার্টগুলোর কার্যকারিতা ফিরিয়ে আনা সম্ভব।