কাজে আসছে না 'ফগ লাইট'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুয়াশার কারণে দৌলতদিয়া ও পাটুরিয়া নৌপথে বারবার ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এদিকে, কুয়াশায় চলাচলের জন্য কয়েক কোটি টাকা ব্যয় করে ফেরিতে সংযুক্ত ‘ফগ লাইট’ কোনো কাজে আসছে না। এ লাইট আবহাওয়ার সঙ্গে খাপ খাচ্ছে না বলে বিআইডব্লিউটিএ ও ফেরি-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।
রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে গতকাল রোববার সকালেও কুয়াশার কারণে চার ঘণ্টার বেশি সময় ফেরি চলাচল বন্ধ ছিল। এর আগে গত শুক্রবার রাত সাড়ে ১০টা থেকে শনিবার সকাল নয়টা পর্যন্ত প্রায় ১১ ঘণ্টা ফেরি, লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ছিল।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তারা বলেন, রোববার ভোর সাড়ে পাঁচটা থেকে ভারী কুয়াশা পড়ে। ফলে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে পাটুরিয়া থেকে ছেড়ে আসা গাড়িবোঝাই কপোতী ফেরি মাঝ নদীতে আটকা পড়ে। চার ঘণ্টা বন্ধ থাকার পর সাড়ে নয়টা দিকে আবার ফেরি চলাচল শুরু হয়। এ সময় নদী পাড়ি দিতে না পেরে উভয় ঘাটে আটকা পড়ে কয়েক শ গাড়ি।
এদিকে কুয়াশার মধ্যে ফেরি সচল রাখতে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা উচ্চক্ষমতাসম্পন্ন ‘ফগ লাইট’ গত ৫ জুন ১০টি ফেরিতে সংযুক্ত করা হয়। এর মধ্যে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের ছয়টি ফেরি আছে। সেগুলো হলো ভাষাশহীদ বরকত, এনায়েতপুরী, কপোতী, শাহ মখদুম, কেরামত আলী ও শাহ আলী। এ ছাড়া মাওয়া-কাওড়াকান্দি পথের চারটি ফেরিতেও এ লাইট লাগানো হয়।
নাম প্রকাশ না করার শর্তে বিআইডব্লিউটিএর এক কর্মকর্তা বলেন, প্রথমে পরীক্ষামূলক দৌলতদিয়া ও মাওয়ার দুটি ফেরিতে এ ফগ লাইট বসানোর কথা ছিল। কিন্তু পরে এ সিদ্ধান্ত বদলে পরীক্ষা-নিরীক্ষার আগেই ১০টি ফেরিতে এ বাতি লাগানো হয়। এ জন্য প্রায় সাড়ে ছয় কোটি টাকা ব্যয় হয়েছে।
দৌলতদিয়া ও পাটুরিয়া পথের তিনজন ফেরিমাস্টার বলেন, এই লাইট প্রথম দু-এক দিন চালানো হয়েছে। কিন্তু কোনো কাজে না আসায় আর ব্যবহার করা হয় না। কপোতী ফেরির মাস্টার আবদুস সালাম বলেন, ‘মাঝেমধ্যে মনে হয় কুয়াশা-বৃষ্টি হচ্ছে। তখন এ বাতি দিয়ে কিছু দেখা যায় না। বাধ্য হয়ে ফেরি চলাচল বন্ধ রাখতে হচ্ছে।’
কপোতী ফেরির প্রধান প্রকৌশলী আবুল হোসেন বলেন, এসব ফগ লাইট হালকা কুয়াশা বা মেঘলা আবহাওয়ায়ই কার্যকর নয়। তখন ভারী কুয়াশায় চলবে কী করে? লাইটগুলো শুধু প্রথম দিনই ব্যবহার হয়েছিল, এরপর আর জ্বলেনি। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। লাইটগুলো সাত হাজার ইউনিট ক্ষমতাসম্পন্ন হওয়ায় জ্বালানোর সঙ্গে সঙ্গে এত গরম হয়ে যায় যে আশপাশে থাকাই যায় না।
বিআইডব্লিউটিএ দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, কুয়াশায় প্রায়ই ফেরি চলাচলে বিঘ্ন ঘটছে। ফগ লাইট তেমন কাজ না করায় গত তিন দিনে প্রায় ১৫ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকে।