কাজে-কর্মে ডিজিটাল ও আচরণে অ্যানালগ হোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিজিটাল বাংলাদেশ নির্মাণে দলের নেতা-কর্মীদের কাজে-কর্মে ডিজিটাল এবং আচরণে অ্যানালগ হওয়ার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজশাহীতে গতকাল শুক্রবার শুরু হওয়া তিন দিনের বিভাগীয় ডিজিটাল মেলায় তিনি এ কথা বলেন।
রাজশাহী বিভাগীয় প্রশাসন আয়োজিত মেলার উদ্বোধন অনুষ্ঠানে সরকারি অনুষ্ঠানে রাজনৈতিক স্লোগান ও ছাত্রলীগের ফুল দিয়ে বরণ করে নেওয়ার বিষয়ে নেতা-কর্মীদের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, এটা একটা ডিজিটাল উদ্ভাবনী মেলা। রাজনৈতিক সমাবেশ নয়, র্যা লি-মিছিল বা রাজনৈতিক আলোচনা সভাও নয়। কাজেই এখানে রাজনৈতিক স্লোগান দেওয়ার কোনো দরকার নেই।
‘হুজুগের সংস্কৃতি’ থেকে বের হয়ে আসার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমাকে ফুল দেওয়ার অনেক সময় আছে। কিন্তু এখানে কেন?...আমি নেতা-কর্মীদের বলব, আপনারা কাজে-কর্মে ডিজিটাল হোন। কিন্তু আচার-ব্যবহারে আমি কাউকে ডিজিটাল হতে বলব না। আচার-ব্যবহারে অ্যানালগ থাকাই ভালো।’
এর আগে ওবায়দুল কাদের অনুষ্ঠান মঞ্চে উঠলে রাজশাহী কলেজ ও মহানগর ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁকে ফুল দিয়ে বরণ করেন।
রাজশাহী কলেজ চত্বরে আয়োজিত এই ডিজিটাল মেলায় সরকারি দপ্তর, সেবা খাত, তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
অনুষ্ঠান শেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে চলা মামলা প্রসঙ্গে প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, আদালতের রায় প্রতিহত করার ক্ষমতা বিএনপির নেই। তারা যদি আদালতের রায় প্রতিহত করতে যায়, তবে জনগণই তাদের প্রতিহত করবে।
রাজশাহীর ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মোহম্মদ মুনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহ্রিয়ার আলম এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক। এ ছাড়া বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই কর্মসূচির জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাইমুজ্জামান মুক্তা, রাজশাহী কলেজের অধ্যক্ষ হবিবুর রহমান প্রমুখ।
এদিকে বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের শিক্ষক লাউঞ্জে আয়োজিত শিক্ষক সমিতির সঙ্গে আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, ‘সক্রিয় রাজনীতি যতই কম করবেন, ততই শিক্ষার্থীদের জন্য ভালো। সবকিছু আওয়ামী লীগের সঙ্গে মিলিয়ে ফেলবেন না। আপনাদের স্বকীয়তা, স্বতন্ত্রতা বজায় রাখুন।’