দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, এখন সংসদে অধিবেশন চলছে। বিভিন্ন এলাকার প্রধান সমস্যাগুলো সংসদে উত্থাপিত হচ্ছে। কাজে কেউ গাফেলতি করবেন না, সমস্যায় পড়বেন।
বাঁশখালীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় সরকারি কর্মকার্তাদের উদ্দেশে তিনি এ কথা বলেন। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বাহারছড়া ইউনিয়নের কয়েকটি এলাকা পরিদর্শন শেষে মন্ত্রী দারোগা বাজার ডাকবাংলো মিলনায়তনে বেলা ২টায় এ সভায় মিলিত হন। সভায় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামাল। সভা সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ চাহেল তস্তরী।
সভায় বাঁশখালী উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ১৪টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ এলাকার জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান সভায় ঘূর্ণিঝড় ‘মোরা’ পরবর্তী সমস্যা তুলে ধরেন। সচিব মো. শাহ কামাল এসব সমস্যার সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে জানতে চান। কয়েকটি দপ্তরের গাফিলতি থাকায় কর্মকর্তাদের তিরষ্কার করেন তিনি।
সভার আগে দুপুর ১২টার দিকে ত্রাণমন্ত্রী ও সচিব বাহারছড়া ইউনিয়নের ক্ষতিগ্রস্ত উপকূলীয় কয়েকটি এলাকা পরিদর্শন করেন। এরপর বাহারছড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ক্ষতিগ্রস্ত ২৫০টি পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেন।
চকরিয়ায় ত্রাণ বিতরণ
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী গতকাল শনিবার বিকেল চারটার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়ন পরিষদের মাঠে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বদরখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খাইরুল বশর।