চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এ এফ রহমান হলের সংস্কারকাজে ধীরগতি ও অনিয়মের অভিযোগে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের দুই স্বত্বাধিকারী ও ব্যবস্থাপককে গতকাল শনিবার আটকে রাখেন হলের শিক্ষার্থীরা। দুপুর দুইটার দিকে তাঁদের হলের চতুর্থতলার একটি কক্ষে প্রায় এক ঘণ্টা আটকে রাখা হয়। যাঁদের আটকে রাখা হয় তাঁরা হলেন ঠিকাদারি প্রতিষ্ঠান প্যারামাউন্ট ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী ইফতেখার হোসেন ও ইলিয়াছ চৌধুরী এবং ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপক আসাদুজ্জামান। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা এবং হলের ভারপ্রাপ্ত প্রাধ্যক্ষ পরে তাঁদের উদ্ধার করেন।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত জুনে হলের ভবন ও শৌচাগারের সংস্কারকাজ শুরু হয়। প্যারামাউন্ট ইন্টারন্যাশনাল এই কাজের দায়িত্ব পায়। কিন্তু ছয় মাসেও প্রতিষ্ঠানটি হলের সংস্কারকাজ শেষ করতে পারেনি।হলের শিক্ষার্থীরা জানান, হলের সংস্কারকাজে অহেতুক সময়ক্ষেপণ করছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে তাঁদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই তাঁদের আটকে রাখা হয়।তবে ইফতেখার হোসেন ও ইলিয়াছ চৌধুরী কাজের ধীরগতির জন্য বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগকে দায়ী করেন। আর সংস্কারকাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগও তাঁরা অস্বীকার করেন। হলের ভারপ্রাপ্ত প্রাধ্যক্ষ মুহাম্মদ মামুন মোরশেদ ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘ঠিকাদারদের আটকে রাখার ঘটনায় শিক্ষার্থীরা ক্ষমা চেয়েছেন। বিষয়টির মীমাংসা হয়ে গেছে।’